স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে গৃহবধূ আটক

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০২:২৬ এএম

ঢাকার সাভারে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতের ঘটনায় গতকাল শনিবার সকালে সাভার পৌরসভার বনপুকুর এলাকা থেকে খাদিজা বেগমকে (২৭) গ্রেপ্তার করা হয়। তার স্বামী বশির আহমেদকে (৩৮) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বশিরের বাড়ি বরিশালের কোতোয়ালি থানার সদরপুর গ্রামে। তিনি সাভার সদরের

রাজ্জাক প্লাজায় মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন।

পুলিশের ভাষ্য, কয়েক দিন ধরে মোবাইল ফোনের হারানো একটি সিম নিয়ে বশির ও তার স্ত্রী খাদিজার মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার বশিরকে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ান খাদিজা। পরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীর যৌনাঙ্গ কেটে চার বছরের মেয়ে নুসাইবাকে রেখে কৌশলে বাসা থেকে পালিয়ে যান তিনি। ওই সময় বশিরের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল সকাল ৯টার দিকে বশিরের ভাই আবদুস সালাম লিখিত অভিযোগ করেন, যেটি পরবর্তী সময়ে মামলা হিসেবে নেওয়া হয়।

সাভার মডেল থানার এসআই শেখ তরিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে মালঞ্চ আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গ কাটেন খাদিজা। তিনি আরও বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে খাদিজাকে আটক করা হয়েছে। পরে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত