রান পেলেন টপ অর্ডারের প্রায় সবাই। অন্যরা থিতু হয়ে ফিরলেও মোহাম্মদ মিঠুন বড় ইনিংস খেললেন। এরপরও বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিংয়ের শেষটায় থাকল হতাশা। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সংগ্রহটা যে তিন শ ছাড়াল না।
রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আন অফিশিয়াল ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করতে নামে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৮ রান করে স্বাগতিকেরা।
প্রথম ম্যাচে হারের হতাশা ভুলে এদিন শুরুটা দারুণ করে বাংলাদেশ ‘এ’ দল। ইমরুল কায়েস ও এনামুল হক বিজয় উদ্বোধনী জুটেতে যোগ করেন ৫৬ রান। এনামুল ২৬ রান করে ফিরলেও ইমরুল ও মিঠুন তৃতীয় উইকেটে আরেকটি ভালো জুটি গড়লেন। ইমরুল ব্যক্তিগত ৪০ রান করে ফেরেন।
এরপর মোহাম্মদ নাঈমকে নিয়ে এগোতে থাকেন মিঠুন। এই জুটি তৃতীয় উইকেটে যোগ করে ৯৭ রান। নাঈম মাত্র ১ রানের জন্য ফিফটি বঞ্চিত হন। করিম জানাতের বলে বোল্ট হওয়ার আগে ৫৭ বলে ৪৯ রান করেন ৩ চার ও ১ ছক্কায়।
এরপর উইকেটে আসেন সাব্বির রহমান। অন্য প্রান্তে দারুণ খেলতে থাকা মিঠুন ৪০তম ওভারের শেষ বলে থামেন। ৯৪ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৮৫ রান করেন তিনি।
শেষ ১০ ওভারে স্কোরটা বড়াতে পারেনি স্বাগতিকরা। আরো ৫ উইকেট হারিয়ে যোগ করে মাত্র ৬০ রান। বলার মতো রান বলতে পাঁচে নামা সাব্বির রহমানের। ৩৮ বলে ১টি করে চার ও ছক্কায় ৩৫ রান করেন তিনি।
আফিফ হোসেন ধ্রুব ৮, ফরহাদ রেজা ১ ও মেহেদী হাসান ১০ রানের বেশি করতে পারেননি। শফিউল ফেরেন শূন্য রানে। আবু হায়দার রনি ৭ ও আবু জায়েদ রাহি ১ রান নিয়ে অপরাজিত ছিলেন। আফগানিস্তান ‘এ’ দলের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নেন করিম জানাত ও ফজল নাইজাই।
এই ম্যাচ খেলেই শ্রীলঙ্কা সিরিজের জন্য দেশ ছাড়বেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ফরহাদ রেজা। এর আগে শনিবার সাত ক্রিকেটার শ্রীলঙ্কা পাড়ি দেন। বিসিবি একাদশের হয়ে ভারত সফরে থাকা তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামও সেখান থেকে শ্রীলঙ্কা উড়ে গেছেন। রুবেল হোসেন যাওয়ার কথা আজ।
