শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আগে থেকেই নেই সাকিব আল হাসান। তার জায়গায় বাঁহাতি স্পিনারের ভূমিকায় দলে দলে ডাক পেয়েছেন তাইজুল ইসলাম। কিন্তু দলে নিজেকে সাকিবের বিকল্প ভাবতে নারাজ ‘মিনি রঞ্জি’ ট্রফি খেলে আসা এই ক্রিকেটার।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা শ্রীলঙ্কায় জড়ো হচ্ছেন। এখনো দলের সব সদস্য দেশটিতে পৌঁছায়নি। শনিবার সাতজন একসঙ্গে ঢাকা ছেড়ে এদিনই কলম্বোয় পৌঁছেছেন। রোববার তাদের সঙ্গে যোগ দিলেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। কর্নাটক থেকে লঙ্কায় গিয়ে প্রেমাদাসা স্টেডিয়ামে মুশফিক, তামিম, সৌম্যদের সঙ্গে অনুশীলনও করেছেন তারা।
২০১৬ সালের পর ওয়ানডে দলে ডাক পাওয়া। সাকিব না খেলাতেই এই সুযোগ পেলেন কি-না? এমন প্রশ্নের জবাবে তাইজুল জানান, সাকিবের বিকল্প হিসেবে দলে ঢোকার কথা চিন্তাও করেন না তিনি।
“আসলে এই কথার সাথে একমত নই। সাকিব ভাইয়ের বিকল্প হিসেবে আমি আসি না। সাকিব ভাই ব্যাটিং বা বোলিং, দুটোতেই অসাধারণ। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার তিনি। তার সঙ্গে আমার তুলনা চলে না আসলে।”
সাকিব-লিটন আগে থেকেই নেই। এরপর মাশরাফী আর সাইফউদ্দিন শেষ মুহূর্তে ছিটকে গেলেন চোটে। এরপরও দল হিসেবে সবাই বেশ ফুরফুরেই আছেন বলে মনে করেন তাইজুল।
“এখন আমরা যে খারাপ অবস্থায় আছি তা কিন্তু না। আমরা বেশ ভালো অবস্থাতেই শ্রীলঙ্কায় এসেছি। তাই এখানে আসলে ভালো খেলবে শেষ পর্যন্ত তারাই জিতবে। আমরা চেষ্টা করব নিজেদের খেলা দেখার। দলের আবহ ভালো। সবাই সবাইকে বেশ সাহায্য করছে।”
২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কা সফর। এরপর আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিকদের সঙ্গে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।
