পরিবার নিয়ে দেখার মতো সিনেমা ‘বিশ্বসুন্দরী’

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১০:১০ পিএম

এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। এখন দুটি সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

 

এখন কোন সিনেমার শ্যুটিং করছেন?

চয়নিকা চৌধুরী পরিচালিত বিশ^সুন্দরী সিনেমার শ্যুটিং করছি। গত ১৮ জুন থেকে ফরিদপুরে শ্যুটিং শুরু হয়েছে সিনেমাটির। এতে আমার বিপরীতে আছেন পরীমনি। তার সঙ্গে এবারই প্রথম কাজ করছি। আরও রয়েছেন চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠুর মতো অভিনয়শিল্পী। এমন গুণী মানুষদের সঙ্গে কাজ করতে সত্যি খুব ভালো লাগছে। সবাই চরিত্রানুযায়ী পাল্লা দিয়ে অভিনয় করছেন। বড় পর্দায় এই অভিনয় যুদ্ধ দর্শককে বিমোহিত করবে বলে আমার বিশ^াস।

 

বিশ্বসুন্দরীতে কাজের অভিজ্ঞতা কেমন?

এখন পর্যন্ত শ্যুটিং অভিজ্ঞতা খুবই ভালো। তার অন্যতম কারণ এই সিনেমার গল্প। আমাদের দেশে পরিবার নিয়ে দেখার মতো সিনেমা কিন্তু খুব একটা হয় না। আমি নিজেও অনেকের কাছে এই অভিযোগ পেয়ে আসছি। অবশেষে সবার জন্য আমি এমন একটি সিনেমায় কাজ করছি যা পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে দেখা যাবে।

 

এতে কাজ করতে কোন বিষয়টি সবচেয়ে আগ্রহী করেছে?

সিনেমার গল্পটি খুবই সমসাময়িক। আমাদের চেনা শহর ঢাকা ও মানুষের চারপাশের গল্প। আমার প্রতিটি সিনেমায় দুটি জিনিসের প্রতি সবচেয়ে গুরুত্ব দিই। একটি হলো- গল্পের বৈচিত্র্য। এতে করে অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ তৈরি হয়। সময় নিয়ে প্রস্তুত হয়ে মনের মতো করে চরিত্রটি ধারণ করতে পারি। এতে দর্শকও বারবার একই চরিত্রে দেখে আমার ওপর বিরক্ত হবেন না। দ্বিতীয় কারণটি হলো সিনেমার শেষে যেন একটি সুন্দর সামাজিক বার্তা থাকে। সিনেমা তো বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম। এর মাধ্যমে সমাজের কোনো দিক তুলে ধরা বা একটি বার্তা পৌঁছে দিতে পারাটা অনেক বড় সামাজিক দায়িত্ব। মানুষ শিখতে না চাইলেও সিনেমা দেখে নিজের অজান্তে সিনেমার প্রতিপাদ্য বিষয়টি শিখে ফেলে। এটাই সিনেমার সবচেয়ে বড় শক্তি।

 

ঈদে ভক্তদের জন্য কোনো কাজ আসছে কি?

আমার ইচ্ছা থাকে উৎসবগুলোতে অন্তত ভক্তদের নতুন কিছু উপহার দেওয়ার। তবে এবার চাইলেও কিছুই করতে পারছি না। কারণ ঈদের আগের দিন পর্যন্ত শান সিনেমার শ্যুটিং করব। তবে ভক্তদের বলতে চাই- কিছু অপেক্ষা খুব মধুর হয়। আপনারা অপেক্ষায় থাকুন, যে সিনেমাগুলো নিয়ে এখন ব্যস্ত, সেগুলো প্রেক্ষাগ্রহে এলে সবাই খুব উপভোগ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত