বরিশালে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১১:০৯ পিএম

তিন ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র সড়কটি এক যুগ ধরে বেহাল। দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট থেকে কানাইপুরা পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বেলা ১১টায় সদর উপজেলার সাহেবের হাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বরিশাল পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌসুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, সহকারী শিক্ষক নিজামউদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান সরদার প্রমুখ।

বক্তারা বলেন, সদর উপজেলার চরামদ্দি, টুঙ্গিবাড়িয়া এবং চাঁদপুরা ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র পথ সাহেবেরহাট থেকে কানাইপুরা সড়ক। সড়কের আশপাশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী এ সড়ক দিয়ে চলাচল করে। এলজিইডি গত ১৫ বছর আগে এ গ্রামীণ সড়ক নির্মাণ করে। এরপর থেকে কোনো সংস্কার না করায় ৮ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত