ঈদের আগে-পরে ৬ দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০১:৩৯ এএম

ঈদুল আজহার আগের তিন দিন ও পরের তিন দিন নিত্যপণ্য ও কোরবানির পশুবাহী ট্রাক ছাড়া ফেরিতে সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল রবিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময়ে রাতের বেলায় সব ধরনের মালবাহী জাহাজ ও বালুবাহী বাল্কহেড চলাচলও বন্ধ থাকবে। এ ছাড়া ঈদের আগে ও পরের পাঁচ দিন দিনের বেলায়ও বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রাজধানীর বিদ্যুৎ ভবনে কোরবানির ঈদ উপলক্ষে লঞ্চ, ফেরি ও অন্যান্য জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘যাত্রীদের নিরাপদ যাতায়াতে গত ঈদুল ফিতরের সময় মন্ত্রণালয় একটি টিমওয়ার্কের মাধ্যমে ভালো কাজ করেছিল। এবারের ঈদুল আজহায়ও সকলে মিলে ঈদযাত্রাকে আরও নিরাপদ রাখতে চাই। অতিবৃষ্টি ও বন্যার কারণে ফেরি চলাচলে বিঘœ ঘটলেও আমাদেরকে আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’ কোরবানির পশু আনতে নৌপথে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশি নজরদারি করারও আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মাহবুব উল ইসলাম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, নৌপুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, কোস্টগার্ড ঢাকা জোনের কমান্ডার রেজাউল হাসান, বিভিন্ন জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, লঞ্চমালিক, নৌযান শ্রমিক নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত