সংসদীয় কমিটির বৈঠক

চীনের পানি এলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০১:৪২ এএম

বাংলাদেশের বন্যায় ভারতের পাশাপাশি চীনের পানি আসার আশঙ্কা রয়েছে। আর সেক্ষেত্রে দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ ও আরও দীর্ঘস্থায়ী হতে পারে। তবে বন্যার বিষয়ে সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়

কমিটির বৈঠকে শেষে কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘চলমান বন্যায় বাংলাদেশে চীনের পানি যখন পুরোদমে আসা শুরু করবে তখন বন্যা ভয়াবহ হতে পারে। সরকার আশঙ্কা করছে এবারের বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। সেইভাবে আগাম প্রস্তুতিও সরকারের আছে। বন্যা যেন দীর্ঘস্থায়ী না হয় সেটা আমরা কামনা করি। তবে হলেও যেন আমরা মোকাবিলা করতে পারি।’

তাজুল ইসলাম আরও বলেন, ‘মন্ত্রণালয় জানিয়েছে তাদের প্রস্তুতি রয়েছে। ২৮টি জেলায় বন্যা হয়েছে। এক্ষেত্রে কিছু ক্ষেত্রে ত্রাণ কম পাওয়া বা না-পাওয়ার অভিযোগ থাকতেই পারে। হয়তো হতে পারে যেখানে ১০০ টন ত্রাণ সাহায্য দরকার, দেওয়া হয়েছে কয়েক টন। তবে মন্ত্রণালয় এসব মনিটর করছে। তাদের কার্যক্রম ও মনিটর যাতে আরও গতিশীল ও কার্যকর হয়, সেটা বলা হয়েছে। মানুষ যেন বেশি কষ্টে না পড়ে তা দেখতে বলা হয়েছে। আমরা বলেছি, ত্রাণ যাতে কম না পড়ে বা অপ্রতুল না হয় সেটা  দেখতে।’

তিনি জানান, আজ (সোমবার) মন্ত্রণালয়ের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকাগুলোতে সফরে যাওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে যেখানে যে ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হবে। সংসদীয় কমিটির সদস্যের মধ্যে আগ্রহী কেউ থাকলে ত্রাণ তৎপরতায় অংশ নিতে পারেন। বন্যায় ত্রাণ তৎপরতা নিয়ে মন্ত্রণালয়ের কাজে কমিটি খুশি বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত