মিন্নির বাবা-মাকেও গ্রেপ্তার দাবি রিফাতের বাবার

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০১:৪৩ এএম

আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা-মাকেও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। গতকাল রবিবার দুপুরে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি। এ সময় নিহত রিফাতের মা, বোন, চাচা-চাচি

ও স্বজনরাও সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দুলাল শরীফ বলেন, ‘বরগুনা সরকারি কলেজের সামনে দিনে-দুপুরে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করে ০০৭ গ্রুপের সদস্যরা। এ ঘটনায় আমি একটি হত্যা মামলা দায়ের করি। প্রাথমিকভাবে মিন্নির যে ভিডিও প্রকাশ পেয়েছে সেখানে মিন্নির ভূমিকায় সবাই প্রশংসা করলে আমি প্রাথমিকভাবে মিন্নিকে মামলার ১ নম্বর সাক্ষী করি। পরবর্তী সময়ে এ ঘটনার আরও ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ায় মিন্নির ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এ ছাড়াও নয়ন বন্ডের মায়ের কথায় মিন্নির আসল চেহারা আরও প্রকাশ্যে আসে। এরপর আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে এই হত্যাকাণ্ডে মিন্নির সংশ্লিষ্টতা খুঁজে পাই। পুলিশও তাদের তদন্তে মিন্নির সংশ্লিষ্টতা খুঁজে পায়। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। এসব কিছুতে প্রতীয়মান হয় যে, মিন্নিই এই খুনের প্রধান পরিকল্পনাকারী।’

কিছু কিছু গণমাধ্যম তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে দুলাল শরীফ আরও বলেন, ‘আমি ছেলে হারিয়েছি, আমার পাশে না দাঁড়িয়ে তারা খুনিদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। মিন্নির বাবা-মা আমার কাছে তাদের মেয়ের বিয়ের বিষয়টি গোপন করে আমার ছেলের সঙ্গে তাদের মেয়ের বিয়ে দিয়েছেন। এই বিয়েই আমার ছেলের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তাই আমি মিন্নির বাবা-মাকেও আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’

রিফাত হত্যার পলাতক আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন : রিফাত হত্যার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরগুনা শহরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে বরগুনা প্রেস ক্লাব চত্বরে ‘বরগুনার সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ, মা ডেইজি বেগম, বোন ইসরাত জাহান মৌ, চাচা আবদুল আজিজ শরীফ ও মো. আবদুল সালাম শরীফ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত