বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। চেক বাউন্সের এক মামলায় তার এই শাস্তি হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, মডেল পুনম শেঠির অভিযোগ আমলে নিয়ে চলতি মাসের শুরুতে আন্ধেরি মেট্রোপলিটন আদালত এই রায় দেয়। সেখানে ৪.৬৪ লাখ রুপি ফেরতের পাশাপাশি ১.৬৪ লাখ রুপি সুদ দিতে বলা হয়েছে।
২০১৩ সালে চেক বাউন্সের ওই মামলা করেন পুনম। কোয়েনা শুরু থেকে অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।
অভিযোগে বলা হয়, পুনমের কাছ থেকে ২২ লাখ রুপি ধার নিয়েছিলেন কোয়েনা। ঋণ শোধের সময় ৩ লাখ রুপির একটি চেক বাউন্স করে। যদিও কোয়েনার পক্ষ থেকে বলা হচ্ছে, এত টাকা ধার দেওয়ার সামর্থ্যই নেই পুনমের। বরং তিনি কোয়েনার চেকটি চুরি করেছেন। কিন্তু এই অভিনেত্রীর দাবির মধ্যে সঙ্গতি পায়নি আদালত। তাই রায় তার বিপরীতে গেছে।
‘এক খিলাড়ি এক হাসিনা’ ও ‘আপনা সাপনে মানি মানি’র মতো হিট সিনেমার নায়িকা কোয়েনা। তবে সাম্প্রতিক বছরগুলোতে বড়পর্দায় দেখা যায়নি তাকে।
