কারাগারের চাবি ছিনতাই করে ছাদে উঠে রাতভর তাণ্ডব চালিয়েছে অস্ট্রেলিয়ার একটি কারাগারের বন্দীরা। নিউ সাউথ ওয়েলসের ওই কারাগারে সাধারণত যুবক কিংবা কিশোর কয়েদিদের রাখা হয়।
এবিসি নিউজ জানিয়েছে, বেশ কয়েকজন কয়েদি সেলের ভেতর মারামারি শুরু করলে পুলিশ হস্তক্ষেপ করে। সেখানে কর্মকর্তারা প্রবেশ করতেই চাবি ছিনতাই করে ছাদে উঠে যায় অভিযুক্তরা। এখন পর্যন্ত সাতজন আহত হয়েছে। এর মধ্যে দুইজনকে কোপানো হয়েছে।
রোববার রাত সাড়ে আটটার দিকে ঘটনা বুঝতে পেরে জরুরি অবস্থার ঘোষণা করে কারাগার কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, হাতে তৈরি বিভিন্ন অস্ত্র ব্যবহার করে সেলের ভেতর কয়েদিরা পুলিশকে কাবু করে ফেলে।
সোমবার সকালেও কারাগারের ছাদে সাতজন কয়েদিকে দেখা গেছে। এর মধ্যে একজনকে র্যাকেট দিয়ে পুলিশের দিকে টেনিস বল ছুড়তে দেখা গেছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দাঙ্গার প্রায় ১১ ঘণ্টা পর ১৮ বছর বয়সী একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার মুখে কোপের দাগ দেখা গেছে।
