পালানোর সুযোগ পাবে না আওয়ামী লীগ: রিজভী

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০৯:১৩ পিএম

গণতন্ত্রের একটু স্পেস দিলে আওয়ামী লীগ রাস্তা দিয়ে নয়, গলি দিয়ে পালানোর সুযোগ পাবে না উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গণরোষ আপনারা দেখবেন। মুজিব কোট আর কারও গায়ে থাকবে না’।

সোমবার দুপুরে নয়াপল্টনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির নির্বাহী সভায় তিনি এসব কথা বলেন।

‘জনরোষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পতন হয়েছে’-সরকারের তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, জনরোষে বেগম খালেদা জিয়ার পতন হয়নি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোষে খালেদা জিয়া আজ কারাগারে। তারা দেশের রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের ন্যূনতম স্পেস দিচ্ছে না। যারা মুক্ত ভাবে কথা বলে তাদের জায়গা খোলা আকাশের নিচে নয়, তাদের জায়গা এই আওয়ামী লীগ সরকার লাল দালানের ভেতরে রেখেছে।

আওয়ামী লীগ মিথ্যাচার করছে দাবি করে রিজভী বলেন, এদের এখন মানসিক স্বাস্থ্যের পরীক্ষা দরকার। এত মিথ্যা কথা কিভাবে বলে। দেশের সর্বত্র জনগণের হাহাকার, আহাজারি। নারী নির্যাতন শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে। শিশুদের কাটা মাথা পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন। আর আওয়ামী লীগ বলছে উন্নয়ন হয়েছে। উন্নয়ন মূলত তাদের চাপাবাজিতে হয়েছে।

প্রধানমন্ত্রীর লন্ডন সফরের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, বন্যা হচ্ছে, উত্তরবঙ্গ থেকে মধ্য বঙ্গ, লালমনিরহাট, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে। আর প্রধানমন্ত্রী ১৮দিনের ছুটিতে লন্ডন চলে গেছেন। এই হচ্ছে সরকারের দায়িত্ব।

রিজভী অভিযোগ করে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। এডিস মশা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। অথচ স্বাস্থ্য দপ্তর, জনস্বাস্থ্য অধিদপ্তরের কোনো কর্মকাণ্ড নেই।

মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, মৎস্যজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিম, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত