ফ্লপের পথে হৃতিকের ‘সুপার থার্টি’

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১১:৫৪ পিএম

মুক্তির প্রথম সপ্তাহেই বোঝা যায়, ছবিটি কি হিট করবে নাকি ফ্লপ! সেই হিসেবে ঝুঁকিতে আছে বলিউডের সুপারস্টার অভিনেতা হৃতিকের ‘সুপার থার্টি’! কেননা, মুক্তির এক সপ্তাহ হয়ে গেলেও ১১৫ কোটি রুপি বাজেটের এই ছবিটি এখন পর্যন্ত ব্যবসা করেছে মাত্র ৭৫ কোটি রূপি! তবে ট্রেড অ্যানালিস্টদের অনেকেই মনে করছেন, প্রথম সপ্তাহের ধারাবাহিকতা রক্ষা করলে দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে গড় ব্যবসা করতে পারে ‘সুপার থার্টি’। দুই বছরেরও বেশি সময় পর ‘সুপার থার্টি’ ছবি দিয়ে রুপালি পর্দায় ফিরেছেন হৃতিক রোশন। ফলে ছবিটি নিয়ে প্রত্যাশারও কোনো কমতি ছিল না হৃতিক ভক্তদের। কিন্তু ভক্তদের সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি হৃতিকের এই ভিন্নধর্মী ছবি। মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল ১১ কোটি রুপি। দ্বিতীয় ও তৃতীয় দিনে ১৮ ও ২০ কোটি রুপি ছাড়িয়েছিল। তবে চতুর্থ দিন থেকে ক্রমান্বয়ে কমতে থাকে এর বক্স অফিস আয়। প্রথমবারের মতো নিম্ন মধ্যবিত্ত কোনো ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন। বিকাশ বেহল পরিচালিত ‘সুপার থার্টি’ ছবিটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। ভারতের গণিতবিদ আনন্দ কুমারের জীবনীভিত্তিক চিত্রনাট্য নিয়ে এ ছবি, যিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনেক কিছুই করেছিলেন। আর অভিনয় করেছেন মৃণাল ঠাকুর, বীরেন্দ্র সাক্সেনা, নন্দীশ সিং, পংকজ ত্রিপাঠি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত