আজ যুক্তরাজ্যে কনজারভেটিভদের নেতা নির্বাচন

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০২:৩৮ এএম

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতার নাম ঘোষণা করা হবে আজ। পার্টির নেতা বাছাইয়ে গতকাল সোমবার বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। টোরি পার্টির ১ লাখ ৬০ হাজার সদস্য ডাক ব্যালটের মাধ্যমে বরিস জনসন ও জেরেমি হান্টকে ভোট দিয়েছেন।

আজ যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ১০টায় পার্টি সভাপতির নাম ঘোষণা করা হবে। ঘোষণার পর বিজয়ী প্রার্থী জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে রয়টার্স। নিয়ম অনুসারে ক্ষমতাসীন টোরি পার্টির প্রধানই হবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী।

আগামীকাল ২৪ জুলাই বর্তমান প্রধানমন্ত্রী টেরিজা মে ক্ষমতা হস্তান্তর করবেন। ওইদিন সকাল ১০টায় টেরিজা তার ডাউনিং স্ট্রিট কার্যালয় থেকে পার্লামেন্টে যাবেন। সেখানে প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার ক্ষমতাকালীন সর্বশেষ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবেন। দুপুর ১২টায় আবার তিনি ডাউনিং স্ট্রিটে ফিরে আসবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার দুপুর ১টার দিকে টেরিজা মে বাকিংহাম প্যাসেলে রানী এলিজাবেথের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ত্যাগ করবেন। এরপর বেলা ৩টায় নতুন প্রধানমন্ত্রী রানীর সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের অনুমতি চাইবেন। রানীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি ফিরে যাবেন ডাউনিং স্ট্রিটে।

এরপর নতুন প্রধানমন্ত্রী কী করবেন তার কোনো বিস্তারিত পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে, নতুন প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটে যাওয়ার পর প্রথমেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং মন্ত্রিসভার কয়েকজন শীর্ষস্থানীয় মন্ত্রীর নাম ঘোষণা করবেন।

ব্রেক্সিট সংক্রান্ত জটিলতায় নতুন প্রধানমন্ত্রী পার্লামেন্টে প্রথম দিনেই বিরোধী লেবার পার্টির অনাস্থা ভোট প্রস্তাবের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। অনাস্থা ভোট হলে নতুন প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে নতুন করে ভোটের মুখে পড়তে হবে। নতুন সরকার আস্থা ভোটে হেরে গেলে পরবর্তী ১৪ দিনের মধ্যে নতুন ভোট বা নির্বাচনের বাস্তবতা সামনে আসতে পারে। ২৫ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত