শিক্ষার্থীদের ‘রক্ত সংগ্রহ ও রক্তাক্ত হাত পাওয়ার’ খবরে আতঙ্কিত শত শত অভিভাবক গতকাল সোমবার সকালে শহরের রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়ে ভিড় জমান। স্কুলটির প্রধান শিক্ষক রণতোষ মল্লিক জানান, পরে শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি গুজব জানিয়ে অভিভাবকদের শান্ত করেন এবং তারা ফিরে যান।
প্রধান শিক্ষক আরও বলেন, ‘অনেক অভিভাবক আমাকে বিদ্যালয় ছুটি দিয়ে দিতে বলেন কিংবা শিক্ষার্থীকে বাসায় নিয়ে যাবেন বললেও আমি রাজি হইনি। কারণ এতে ঘটনাটি চারদিকে আরও বেশি ছড়িয়ে পড়ত এবং সামনের দিনগুলোতে বিদ্যালয়ে শিক্ষার্থী আসা কমে যেত।’
কয়েকজন অভিভাবক দেশ রূপান্তরকে বলেন, কারা যেন স্কুলে এসে শিক্ষার্থীদের রক্ত চাইছে এ খবর ছড়িয়ে পড়লে ছুটে আসি। আসার পর দেখি সবকিছু ঠিকঠাক আছে। শিক্ষকরাও জানান, বিদ্যালয়ে কোনো সমস্যা হয়নি। তবুও ভয় কাজ করছে।
এদিকে অভিভাবকদের আতঙ্ক দূর করতে বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়। জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বলেন, ‘চারদিকে রক্ত সংগ্রহ কিংবা ছেলেধরা বিষয়টি স্রেফ গুজব। আমরা এ বিষয়ে সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
