নিয়ম ভঙ্গ করে উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করার অভিযোগে ফেঁসে যাচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আলোচিত এই প্রতিষ্ঠানটি কিমের দেশে ৩জি ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপনের জন্য গোপনে কাজ করেছে।
হুয়াওয়ের সাবেক একজন কর্মচারীর বরাত দিয়ে এমন খবর ফাঁস করেছে প্রভাবশালী এই গণমাধ্যমটি। প্রতিবেদনে জানানো হয়েছে, আরেকটি চীনা কোম্পানি পান্ডা ইন্টারন্যাশনাল ইনফরমেশনের সঙ্গে দীর্ঘ আট বছর বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করেছে হুয়াওয়ে।
হুয়াওয়ে নিয়ে আমেরিকার সন্দেহ অনেক দিনের। এই প্রতিষ্ঠানের কারণে জাতীয় নিরাপত্তা হুমকির পড়তে পারে এমন শঙ্কায় নিজ দেশে তাদের নিষিদ্ধ করেছে ট্রাম্প প্রশাসন। প্রতিপক্ষ দেশ হিসেবে যে ইরানকে তারা ‘শত্রু’ মনে করে, সেই তাদের সঙ্গেও হুয়াওয়ে কাজ করেছে বলে ধারণা করে আমেরিকা।
নতুন খবর সত্যি হলে আমেরিকা আরও নড়েচড়ে বসবে বলে মনে করছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট। কারণ প্রতিষ্ঠানটি তাদের তাদের যন্ত্রাংশে আমেরিকান প্রযুক্তি ব্যবহার করে থাকে। উত্তর কোরিয়ায় যদি তারা সেসব ব্যবহার করে, তাহলে মার্কিন রপ্তানি আইন ভঙ্গ হবে। কারণ পরমাণু অস্ত্রের ব্যবহার এবং মানবাধিকার ক্ষুণ্ন করার অভিযোগে এই দেশটির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে।
