বেঙ্গালুরুতে চার দিনের ম্যাচের টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে জয় দেখছে বিসিবি একাদশ। দ্বিতীয় দিনের খেলা শেষেই কেএসসিএ সেক্রেটারি একাদশের বিপক্ষে বেশ এগিয়ে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল।
মঙ্গলবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে ৩৩৪ রান যোগ করে বিসিবি একাদশ। প্রথম ইনিংসে ৭৯ রানে গুটিয়ে যাওয়া কেএসসিএ একাদশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। এদিন দিন শেষে ১০০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে দলটি। এখনো বিসিবি একাদশের চেয়ে ১৫৫ রানে পিছিয়ে তারা।
আগের দিনের ৩ উইকেটে ১৩৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে বিসিবি একাদশ। এদিন ফিফটি করেন নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান। শান্ত ৭২ ও সোহান ৬৮ রানের ইনিংস খেলেছেন।
কেএসসিএ সেক্রেটারি একাদশের দ্বিতীয় ইনিংসে এদিন জোড়া উইকেট শিকার করেছেন ইবাদত হোসেন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া শহিদুল শিকার করেন ১ উইকেট।
