রাষ্ট্রপতি বললেন

জনগণের জন্যই প্রশাসন, প্রশাসনের জন্য জনগণ নয়

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০১:৫৩ এএম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকারের চলমান উন্নয়নকে টেকসই করার লক্ষ্যে সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, ‘এখন প্রশাসনের প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা। আপনাদের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

আবদুল হামিদ গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জনপ্রশাসন পদক-২০১৯ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। রাষ্ট্রপতি সরকারি কর্মকর্তা ও জনগণের মধ্যে বিশ্বাস ও আস্থার সম্পর্ক গড়ে তোলা এবং জনগণের মনোভাব নিয়ে দায়িত্ব পালনের জন্য তাদের প্রতি আহ্বান জানান। আবদুল

হামিদ সরকারি কর্মকর্তাদের পরামর্শ দিয়ে বলেন, আপনাদের তদবির ছাড়াই সরকারি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় সেবা পাওয়া যায়, সে জন্য সেবা প্রত্যাশীদের এমন আস্থা অর্জন করতে হবে।

তিনি জেলা প্রশাসক ও অন্যান্য তৃণমূল পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের এমনভাবে কাজ করতে হবে, যেন জনগণ আপনাদের তাদের বন্ধু ভাবে। আবদুল হামিদ কোনো সুযোগসন্ধানী যেন বিভিন্ন সামাজিক ইস্যুকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আপনাদের ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে।’ হামিদ বলেন, ‘জনগণের জন্যই প্রশাসন, প্রশাসনের জন্য জনগণ নয়।’ তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়তে সরকারি কর্মকর্তাদের তাদের মেধা ব্যবহার করে নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে। রাষ্ট্রপতি বলেন, উন্নয়ন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ‘প্রকল্প নির্বাচনের সময় জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র সভাপতিত্বে মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি, মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম ও মন্ত্রণালয়ের জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ। মন্ত্রিপরিষদ সদস্য, জ্যেষ্ঠ সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আন্তরিকভাবে দায়িত্ব পালনকারীদের উৎসাহ দিতে সরকার ২০১৬ সালে জনপ্রশাসন পদক চালু করে। এ বছর জাতীয় ও জেলা পর্যায়ে মোট ৪৫ সরকারি কর্মকর্তা ও দু’টি সংগঠন জনপ্রশাসন পদক-২০১৯ লাভ করেন।

২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি এই দু’টি উৎসবকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নির্দেশনা দেন। রাষ্ট্রপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার স্বপ্নের রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে আন্তর্জাতিকভাবে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, সরকারি কর্মকর্তাদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে উৎসাহিত করতেই সরকার এই জনপ্রশাসন পদক চালু করেছে।

পদক বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘এই স্বীকৃতি আপনাদের দায়িত্ব ও কর্তব্য আরও বাড়িয়ে দিয়েছে। আমি আশা করছি এটা আপনাদের কাজের গতি ও সৃজনশীলতাকে আরও বাড়িয়ে দেবে।’

রাষ্ট্রপতি হামিদ সরকারি কর্মকর্তাদের ‘মাস শেষে বেতনের জন্য চাকরি করার’ মানসিকতা পরিত্যাগ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে বলেন। তিনি আরও বলেন, ‘এভাবে জনগণ তাদের কাক্সিক্ষত সেবা পাবে এবং দেশ উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।’ পরে রাষ্ট্রপতি পদক বিজয়ীদের সঙ্গে ছবি তুলেন। বাসস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত