গণপিটুনির মতো অপরাধে যারাই যুক্ত হবেন, তাদের সবাইকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে গুজব রটিয়ে ৬ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৯টি, জিডি হয়েছে ১৫টি। আমরা কিন্তু বসে নেই, আমরা সবগুলো ঘটনাকে সামনে এনে, এদের
ভিডিও ফুটেজ দেখে, কারা কারা সম্পৃক্ত হয়েছিলেন, এগুলো দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে আমরা ৮১ জনকে গ্রেপ্তার করেছি, আমরা আরও গ্রেপ্তার করব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে, তার সবগুলোই নিছক গুজব, সবগুলোই ভিত্তিহীন। একজনে যদি হত্যাকাণ্ড ঘটান, কিংবা ১০০ জনে ঘটান, শাস্তি কিন্তু একই রকম। এই ধরনের হত্যাকাণ্ড ঘটালে অবশ্যই আমরা তাকে আইনের মুখোমুখি করব। আইন অনুযায়ী শাস্তি পেতেই হবে। তিনি বলেন, যারা ঘটনার সত্যতা বিচার না করে নিজেরা আইন হাতে তুলে নিচ্ছেন, তাদর নিকট সবিনয় অনুরোধ করবÑ আপনারা কোনোক্রমেই আইন হাতে তুলে নেবেন না। এ সময় কারও বিষয়ে কোনো সন্দেহ হলে তাকে প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করতে, অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে ফোন করে জানাতে, অথবা জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে জানাতে অথবা এলাকার সবাইকে জানাতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ছেলেধরা সন্দেহে ঢাকার বাড্ডায় এক নারীকে পিটিয়ে হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মা তার সন্তানকে ভর্তির তথ্য নিতে গিয়ে স্কুলের সামনে যে ঘটনার শিকার হলেন, এটা সারা দেশবাসীকে ব্যথিত করেছে। আমরাও এ ঘটনা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। কেন এই ঘটনা ঘটাল, যারা যারা সম্পৃক্ত ছিল, এই ঘটনার ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে আমরা সাতজনকে গ্রেপ্তার করেছি। যারা যারা সেখানে ছিল, সবাইকে শনাক্ত করে তার ব্যবস্থা আমরা নেব।’
গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আবেদন রাখছি, কেউ যেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অহেতুক উত্তেজিত না হয়ে ঘটনাটা জানতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন।’ গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘ফেইসবুকে যারা রটনায় ঘটনা ঘটাচ্ছেন, আমাদের পুলিশ কিন্তু বসে থাকবে না। যারাই ঘটাবেন, তাদেরকে আমরা শনাক্ত করব, তাদেরকে আইনের মুখোমুখি আমরা অবশ্যই করব। আমাদের পুলিশকে আর এত অদক্ষ ভাববেন না।’ ‘পদ্মা সেতুর জন্য মাথা লাগবে’ বলে যারা গুজব ছড়িয়েছে, তাদের মধ্যে চারজনকে শনাক্ত করে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘মানসিক প্রতিবন্ধী, তাকেও এই পিটুনির শিকার হতে হয়েছে। সমাজের যে শাসন সেটার মনে হয় অবক্ষয় ঘটেছে, সেজন্যই এই ধরনের ঘটনাও আমাদের দেখতে হচ্ছে।’ এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের গুজব যারা রটিয়েছে, তাদের একটা উদ্দেশ্য নিশ্চয় ছিল। উদ্দেশ্যমূলকভাবে তারা এ ধরনের ঘটনা হয়তো ঘটিয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এই গুজব। এই গুজবের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, আমরা তা দেখছি।’
