আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৯ জুলাই ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে জানিয়ে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, এবার সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে এবং সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্টারে টিকিট দেওয়া হবে। ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি নিয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর রেলভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, ‘কেউ যাতে অনলাইনে টিকিট না পেলে কাউন্টারে গিয়ে কাটতে পারেন সে জন্য তিন ঘণ্টা আগে অনলাইনে
বিক্রি শুরু হবে। কাউন্টারে টিকিট বিক্রি চলবে বিকাল ৪টা পর্যন্ত।’
আগামী ১২ আগস্ট ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত আগাম টিকিট বিক্রি করা হবে। ফিরতি টিকিট ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেওয়া হবে। অনলাইনে অর্ধেক টিকিট ও বাকি অর্ধেক রাজধানীর পাঁচটি স্টেশন থেকে বিক্রি করা হবে। তিনি বলেন, ২৯ জুলাই ৭ আগস্টের, ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের ও ২ আগস্ট ১১ আগস্টের টিকিট বিক্রি করা হবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট। সেদিন দেওয়া হবে ১৪ আগস্টের টিকিট। এরপর ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের ও ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট বিক্রি করা হবে।
অনলাইনে এবার টিকিট কাটতে সমস্যা হবে না দাবি করে রেলমন্ত্রী বলেন, প্রযুক্তির সক্ষমতা এখনো অর্জন করতে পারেনি রেল মন্ত্রণালয়। তাই সিএনএস-এর মাধ্যমে অনলাইনে টিকিট বিক্রি করা হয়। ঈদুল ফিতরে অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে সমস্যা হয়েছিল। পরে আমরা তাদের সঙ্গে বসেছি, তারা আমাকে জানিয়েছে অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রির সক্ষমতা বাড়িয়েছে। ঈদুল ফিতরের সময় প্রতি মিনিটে তাদের সার্ভার ১৫ হাজার হিট নিতে পারত। এবার প্রতি মিনিটে এক লাখ হিট নিতে পারবে। বিষয়টি পর্যবেক্ষণে আমরা একটি কমিটি করে দিয়েছি, সে কমিটি আগামীকাল বৃহস্পতিবার প্রতিবেদন দেবে। ঈদে টিকিটের জন্য কোনো ‘সুপারিশ চলবে না’ জানিয়ে নুরুল ইসলাম সুজন বলেন, তবে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সচিবসহ যারা পরিবার নিয়ে যাবেন, তারা টিকিট পাবেন। এর বাইরে কোনো নেতাকর্মী কিংবা কোনো ব্যক্তির জন্য সুপারিশ করা হবে না।
যাত্রীদের সুবিধার্থে এবার পাঁচটি স্থান থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে জানিয়ে তিনি বলেন, ঈদ উদযাপন উপলক্ষে ঘরমুখো যাত্রীদের অগ্রিম টিকিট কমলাপুর, বিমানবন্দর, বনানী, তেজগাঁও ও ফুলবাড়িয়া স্টেশন থেকে বিক্রি হবে। স্টেশনগুলোতে প্রতিদিন সকাল ৯টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। রেলপথমন্ত্রী জানান, ঈদ উপলক্ষে বরাবরের মতো সারা দেশে ৮ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে। এর মধ্যে ঈদের আগে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত স্পেশাল ট্রেন চলবে। আর ঈদের পরদিন ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলবে এই ট্রেন। শিডিউল ট্রেনের আসন সংখ্যা ২৬ হাজার ৫শ। এ ছাড়া ঈদ উপলক্ষে মোট এক হাজার ৪৩৭টি কোচ অন্তর্ভুক্ত করা হবে। সংবাদ সম্মেলনে আরও ছিলেন রেলওয়ের সচিব মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. শামসুজ্জামান ও অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান।
