কাভার্ড ভ্যানচাপায় সার্জেন্টের মৃত্যু

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিটের শুনানি রবিবার

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০২:০৬ এএম

বরিশালে কাভার্ড ভ্যানচাপায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন তার বাবা মো. ইউনুস আলী সর্দার। আগামী রবিবার (২৮ জুলাই) বিচারপতি জে বি

এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে এর ওপর শুনানি হবে বলে জানান  রিটকারীর আইনজীবী মোহাম্মদ ফয়েজউল্লাহ ফায়েজ।

রিটকারী সাংবাদিকদের জানান, গত সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করা হয়। আজ (গতকাল) সেটি হাইকোর্টের এই বেঞ্চে উপস্থাপন করা হলে আগামী রবিবার শুনানির জন্য ধার্য করে আদালত।

গত ১৫ জুলাই সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী  মহাসড়কের কর্ণকাঠি জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক  সার্জেন্ট গোলাম কিবরিয়া। দুপুর সোয়া ১২টার দিকে পটুয়াখালীগামী যমুনা গ্রুপের বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে সেটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সার্জেন্ট কিবরিয়া একটি মোটরসাইকেলে চড়ে ধাওয়া করে কাভার্ড ভ্যানটির সামনে গিয়ে থামার সংকেত দিলেও কাভার্ড ভ্যানচালক জলিল মিয়া গাড়ি দিয়ে কিবরিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কিবরিয়ার দুই পা ও মূত্রথলি ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা কিবরিয়াকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। একপর্যায়ে তাকে হাসপাতলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। পরদিন মারা যান গোলাম কিবরিয়া। দুর্ঘটনার দিনই চালক জলিলকে গ্রেপ্তার করে পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত