পাকিস্তানের মানির হাতে তিন মোড়লের অবসান

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১২:৩৩ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি’র আর্থিক ও বাণিজ্যিক সম্পর্কিত ফিন্যান্স অ্যান্ড কমার্সিয়াল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানিকে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ক্রিকেটে তিন মোড়লের (ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড) একাধিপত্যের প্রথার অবসান ঘটল।

২০১১-১২ মেয়াদে এ কমিটির চেয়ারম্যান ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান অ্যালান আইজাক, এছাড়া গত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এ কমিটির নিয়ন্ত্রণ ছিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিনিধির হাতে, মানিকে দিয়ে সে চক্র ভাঙছে অবশেষে। গত সপ্তাহে আইসিসির বার্ষিক সম্মেলনে এ নিয়োগ দেন সংস্থাটির সভাপতি শশাঙ্ক মনোহর।

বলা হচ্ছে, এই নিয়োগের মাধ্যমেই আইসিসির আর্থিক অঙ্গনে তিন মোড়লের দাদাগিরির অবসান হলো। গত ১০ বছর ধরে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দেশের বাইরে মাত্র একজন কর্মকর্তা ফিন্যান্স ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটিতে ছিলেন। তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের সাবেক প্রধান অ্যালান আইজ্যাক (২০১১-১২)। তবে ২০১৪ সালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতকে মূল ক্ষমতাধর করে আইসিসির সংবিধানে যে সংশোধনী আনা হয়েছিল, তখন সংস্থাটির সভাপতির দায়িত্বে ছিলেন আইজ্যাক।

পিসিবি প্রধান এহসান মানি ১৭ বছর পর এই পদে ফিরলেন। এর আগে আরেক নন্দিত ভারতীয় ক্রিকেট ব্যক্তিত্ব জগমোহন ডালমিয়ার আমলে ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন এহসান মানি। এই এহসান মানিই ৫৫০ মিলিয়ন ইউএস ডলারের সম্প্রচার চুক্তি করে হইচই ফেলে দিয়েছিলেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, লন্ডনে আইসিসির বার্ষিক সম্মেলনে মানিকে অর্থ-বাণিজ্য কমিটির প্রধান বানানোর সুপারিশ করেছেন স্বয়ং আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর। ২০১৪ সালে ‘বিগ-থ্রি’-এর প্রস্তাবনা অনুযায়ী গঠিত আর্থিক-মডেল ভেঙে দেওয়া হয়েছিল ২০১৭ সালে, মনোহর দায়িত্ব গ্রহণের পরই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত