জিতলেই শিরোপা। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে আবারো বিলম্বিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত দল বসুন্ধরা কিংসের উৎসব। এবার তাদের উৎসবে বাগড়া দিয়েছে বৃষ্টি।
নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বুধবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে কিংসদের ম্যাচটি বৃষ্ট ও বজ্র প্রাতের কারণে স্থগিত হয়। খেলা মাঠে গড়ালেও কিছুক্ষণ পরই বৃষ্টি হানা দেয়। এক ঘণ্টা অপেক্ষার পর খেলা ফের শুরু করা না গেলে স্থগিত হয় ম্যাচ। যেখানে খেলা থেমেছে সেখান থেকেই বৃহস্পতিবার বেলা ১২টায় ফের মাঠে গড়াবে খেলা।
আর মাত্র ৩ পয়েন্ট পেলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হবে বসুন্ধরা কিংসের। অর্থাৎ মাত্র একটি জয় হলেও চলে। কিন্তু এই সমীকরণ নিয়ে মাঠে নেমে টানা দ্বিতীয়বার উৎসব বিলম্বিত হলো দলটির।
গেল শনিবার শেখ রাসেলকে হারালেই শিরোপা নিশ্চিত হতো বসুন্ধরা কিংসের। কিন্তু সিলেটে ১-০ গোলে হেরে যায় দলটি। টানা জয়ের রেকর্ড গড়ার পর পায় মৌসুমে প্রথম হারের স্বাদ।
এদিকে বুধবার মাঠে নেমেছিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলটি চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে।
ফলে ২৩ খেলায় এখন ৫৫ পয়েন্ট আবাহনীর। আর ২১ ম্যাচে ৫৮ পয়েন্ট বসুন্ধরার। বৃহস্পতিবার মোহামেডানের সঙ্গে ম্যাচের বাকি অংশ থেকে মাত্র ১ পয়েন্ট পেলেই এখন চ্যাম্পিয়ন হয়ে যাবে বসুন্ধরা কিংস।
এদিন আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দেয় শেখ রাসেল। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারায় টিম বিজেএমসি।
