বাজেট বাড়লে নাটকের মান বাড়বে : আলী যাকের

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১১:২৬ পিএম

চলচ্চিত্রে দৈন্যদশা দীর্ঘদিনের হলেও, আমাদের নাটক কয়েক বছর আগেও ছিল গর্বের বিষয়। আমাদের প্যাকেজ নাটকের সুনাম ছিল ভারতীয় উপমহাদেশে। হয়তো দেশের বাইরে সেই সুনাম এখনো অক্ষুণœ, কিন্তু ভেতরের খবর দেশের মানুষের জানা। প্রায়ই শোনা যায়, এখনকার নাটক কেউ দেখে না। নাটকের মান আগের মতো নেই। অভিনয়শিল্পীরা একঘেয়েমি অভিনয় করছেন। এ থেকে উত্তরণের পথ খোঁজাটাই এখন প্রধান কাজ। নাট্যজন, অভিনেতা ও নির্দেশক আলী যাকের বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন, যা এই সমস্যা সমাধানে কাজে আসতে পারে।

অতিমাত্রায় টিভি চ্যানেল, অতিরিক্ত নাটক নির্মাণ, নাটকের বাজেট হ্রাসসহ অনেক কারণে নির্মাণ আর অভিনয়, উভয়ের মানই কমেছে। নাটক আর অভিনয়ে গভীরতা কমে গেছে। নাটক হয়ে গেছে শুধুই কমেডি ও প্রেমকেন্দ্রিক। নতুনদের মেধা আছে, কিন্তু কাজে লাগানোর মতো সুযোগ কি আমরা তাদের দিতে পারছি?

এখন আমরা নাটক নির্মাণ করছি না। এর কারণ দুটো চরিত্র যদি সব টাকা নিয়ে যায় তাহলে কীভাবে বাকি শিল্পীদের টাকা দেব? অনেকেই দুজন শিল্পী নিয়ে নাটক নির্মাণ করছেন, কিন্তু আমি তো তা পারি না।

টিভি থেকে বলে দেওয়া হয়, কাকে কাকে নিয়ে কাজ করতে হবে। আমরা যখন সেই শিল্পীর কাছে শিডিউলের জন্য যাই, তখন তিনি নাটকের অর্ধেক টাকা দাবি করেন। এখন একটা নাটকে যে বাজেট থাকে, তার ৭০ ভাগ টাকা নিয়ে নেন নায়ক ও নায়িকা। আমরা কীভাবে পরিবার নিয়ে সুন্দর একটি নাটক নির্মাণ করব? ফলে প্রায় নাটকের গল্প ও নির্মাণ একই রকম হয়ে যাচ্ছে।

এখনকার নাটকগুলোর গল্পে কোনো ভিন্নতা না থাকার কারণ, যাদের হাত ধরে নাটকের গল্পে পরিবর্তন হয়েছিল, তারা এখন মিডিয়ার অস্থিরতার কারণে নাটক বানানো থেকে দূরে চলে গেছেন। ভালো বাজেট না পেলে তারাও নির্মাণে আসছেন না। ফলে নতুন পরিচালকরাও কিছু শিখতে পারছেন না।

নাটকের জন্য আমাদের দেশে কোনো প্রোপার বাজেট নেই। এখন যে যার মতো কাজ করে যাচ্ছেন। ফলে নাটকের মানও তেমন হচ্ছে। এ অবস্থায় আমাদের উচিত চ্যানেল কর্র্তৃপক্ষ এবং নাটকের স্পন্সর যারা করছেন, তাদের সঙ্গে কথা বলে একটা ভালো বাজেট নির্ধারণ করা।

নাটকের গল্প অনুযায়ী বাজেট দিতে হবে। গল্পের দৃশ্যায়ন যদি থাকে সুন্দরবনে, বান্দরবানে; আবার শ্যুটিং স্পট যদি হয় উত্তরা; এ দুই নাটকের বাজেট নিশ্চয় এক হবে না। যোগ্য লোক দিয়ে কাজ করালে নিশ্চয় তার জন্য খরচ বেশি হবে। চ্যানেল ও প্রযোজক সবাইকেই এদিকে খেয়াল রাখা উচিত।

উত্তরণের উপায়

আমি শিল্পীদের পারিশ্রমিক নিয়ে কিছু বলব না। বিশ্বের সব দেশেই তারকাশিল্পীরা বেশি পারিশ্রমিক নিয়ে কাজ করেন। তবে আমাদের চ্যানেল কর্র্তৃপক্ষদের নাটকের দর্শক নিয়ে ভাবা উচিত। বিশ্বের অনেক দেশে লো বাজেটে চলচ্চিত্র নির্মাণ হয়। তেমনই লো বাজেটে আমাদের নাটকও নির্মিত হতে পারে। লো বাজেটের মধ্যে আমি নতুন শিল্পীদের নিয়ে কাজ করতে পারি। এতে নতুন শিল্পীরাও মিডিয়ায় আসতে পারে। যেখানে বড় বাজেটে কাজ করবেন তারকা অভিনয়শিল্পীরা আর কম বাজেটে কাজ করবেন নতুন ও সম্ভাবনাময়ী অভিনয়শিল্পীরা। তবে নাটকের বাজেট বাড়াতেই হবে। এ ছাড়া নাটকের মান বাড়াতে টেলিভিশন কর্র্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। তাই বাজেট বাড়লে নাটকের মান বাড়বে এবং ভবিষ্যতে টিভি নাটক ঐতিহ্য ফিরে পাবে বলে আমার বিশ্বাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত