দারিদ্র্য কমলেও বৈষম্য রয়েছে : তাজুল ইসলাম

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১১:৩৯ পিএম

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশে দারিদ্র্যের হার কমলেও বৈষম্য আছে। একই সঙ্গে আর্থ-সামাজিক সংকটও আছে। তারপরও দেশ এগিয়ে যাচ্ছে।

গতকাল বুধবার ভালো প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত এক ফোরামের দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে সহযোগিতা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সম্মেলনে সভাপতিত্ব করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে অন্য দেশের তুলনা করলে হবে না। এটি ঘনবসতিপূর্ণ একটি দেশ। এত মানুষের জন্য খাদ্য সরবরাহ করাটাই আগে প্রধান চ্যালেঞ্জ ছিল। কিন্তু এখন সে অবস্থা নেই। কোনো একটি প্রকল্প নেওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেকোনো প্রকল্পের নকশা  তৈরিই প্রধান বিষয়। নকশা ভালো হলে তা বাস্তবায়ন করা যায়। পরে সেই প্রকল্প থেকে ভালো ফল পাওয়া যায়। এডিবি এখানে সহযোগিতা বাড়াতে পারে।

বাংলাদেশের আর্থিক অগ্রগতির প্রশংসা করে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, জিডিপি প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে মডেল। চলতি বছরের প্রবৃদ্ধিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এগিয়ে। আগামীতে বাংলাদেশের যোগাযোগ খাতে আরও সহায়তা বাড়াতে চায় এডিবি। এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে রেল যোগাযোগ। কারণ, রেল ব্যয়সাশ্রয়ী ও নিরাপদ যোগাযোগ মাধ্যম। তিনি জানান, বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নে গতি বেড়েছে। অর্থ ছাড়ও বাড়ছে। এডিবি ইতিমধ্যেই বাড়তি সহায়তা দিচ্ছে। ইআরডি সচিব মনোয়ার আহমেদ বলেন, এডিবি বিভিন্ন খাতে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত