প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বরিস জনসন

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০২:২৮ এএম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বরিস জনসন। লন্ডনের স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন বিদায়ী প্রধানমন্ত্রী টেরিজা মে। তারপরই রানির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন জনসন। বিবিসি।

বাকিংহাম প্যালেস থেকে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে বক্তৃতা দিতে এসেই ব্রেক্সিট বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, যদি বা কিন্তুর কোনো অবকাশ নেই, আমিই এই দায়িত্ব নিলাম (৩১ অক্টোবরই ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ)।

ব্রেক্সিট প্রশ্নে ২০১৬ সালের গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী ডেডিভ ক্যামেরন পদত্যাগ করেন। তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় নেতা ও প্রধানমন্ত্রী হন টেরিজা মে। তার সামনেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশবাসীকে একটি স্বার্থরক্ষাকারী ঠিকঠাক ব্রেক্সিট উপহার দেওয়া। তবে দুই বছরের মধ্যেও তা তিনি পারেননি। তার দল কনজারভেটিভ পার্টির এমপিরাই তাকে সমর্থন করেননি। ওই ব্যর্থতার সব দায় কাঁধে নিয়ে গত জুনে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত