‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০২:৩৫ এএম

জেলার টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গাসহ দুই যুবক নিহত হয়েছে। এ সময় ১ লাখ পিস ইয়াবা ও দুটি দেশে তৈরি এলজি উদ্ধার করার কথা জানিয়েছে বাহিনীটি। বিজিবি বলছে, গতকাল বুধবার ভোররাতে টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের পাশে এ বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হন।

নিহতরা হলো উখিয়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ কামাল (২২) ও টেকনাফ হোয়াইক্যং নয়াপাড়ার আবুল শামার ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান (২৩)।

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি খাল পার হয়ে ইয়াবা পাচারকারি চক্রের কিছু সদস্য ক্যাম্পে প্রবেশের চেষ্টা করে। তখন বিজিবি টহল দলের সঙ্গে পাচারকারীদের গোলাগুলি হয়। একপর্যায়ে তারা পিছু হটে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা, দুটি দেশে তৈরি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে আহত ব্যক্তিরা সেখানে মারা যায়।’ তিনি জানান, মৃতদেহ দুটি সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। দুজনের শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত