সবশেষ মৌসুমের আর্থিক বিবরণী প্রকাশ করেছে বার্সেলোনা। টানা আট মৌসুম ধরে মুনাফা ধরে রেখেছে কাতালান ক্লাবটি। তবে লা লিগা চ্যাম্পিয়নদের আয় আগের রেকর্ড ছাড়িয়ে গেলেও মুনাফা কিছুটা কমেছে।
গেল মৌসুমে এরনেস্তো ভালভেরদের অধীনে লা লিগার শিরোপা উদ্ধার করে বার্সেলোনা। কিন্তু স্পেনের ঘরোয়া প্রতিযোগিতারি দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা দেল রের ফাইনালে ভালেন্সিয়ার কাছে হেরে যায় মেসি-সুয়ারেসরা। আর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হয় লিভারপুলের কাছে হেরে।
২০১৮-১৯ মৌসুমে বার্সেলোনার মাঠের পারফরম্যান্স মোটামুটি হলেও অর্থ আয়ে ছিল সফল। এই সময়ে ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি ৯৯ কোটি ইউরো আয় করে তারা! আগের মৌসুমে তাদের আয় ছিল ৯১ কোটি ৪০ লাখ ইউরো। ২০২১ সালের মধ্যে এক বিলিয়ন আয়ের যে লক্ষ্য সে পথে ভালো করেই এগিয়ে যাচ্ছে স্পেনের অন্যতম সফল ক্লাবটি।
কিন্তু আয় বাড়লেও আগের মৌসুমের তুলনায় লাভ কমেছে বার্সেলোনার। সবশেষ মৌসুমে ক্লাবটির খেলোয়াড় কেনা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ ছিল ৯৭ কোটি ৩০ লাখ ইউরো। এরপর কর বাদে ক্লাবটির আয় দাঁড়িয়েছে মাত্র ৪৫ লাখ ইউরো।
বার্সেলোনার রেকর্ড আয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া মার্তোমেউ, “টানা ছয় বছর ধরে রেকর্ড আয় ও টানা আট বছর ধরে মুনাফায় আমাদের অবশ্যই সন্তুষ্টি প্রকাশ করতে হবে।”
