যতটা না ব্যাটসম্যান, তার চেয়ে বেশি পরিচিত ফিল্ডার হিসেবে। কিংবদন্তি ফিল্ডার, ফিল্ডিংয়ে নবজাগরণের জনক। তিনি জন্টি রোডস। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার ভারত দলের ফিল্ডিং কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
ভারতের সঙ্গে আছে রোডসের অন্যরকম টান। তার দুই সন্তানের জন্ম ভারতের মাটিতে। এমনকি দেশটির মাটিতে জন্ম হওয়ায় দ্বিতীয় পক্ষের কন্যা সন্তানের নাম ভালোবেসে রোডস দম্পতি রেখেছেন ‘ইন্ডিয়া’।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছেন বেশ কয়েক বছর ধরে। এবার ভারতের জাতীয় দলের ফিল্ডিং কোচের পদে আবেদন করলেন কিংবদন্তি রোডস। অর্থাৎ ক্যারিবিয়ান সফরের পর ভরত অরুণের পরিবর্তে বিরাটদের ফিল্ডিং কোচ হিসেবে রোডসকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
রোডস জানিয়েছেন, ভারতীয় দলের ফিল্ডিংয়ে বেশ কিছু বিষয় সংযোজন করতে চান রোডস, বিশেষ করে বিদেশ সফরের ক্ষেত্রে। যা কোহলিদের ফিল্ডিংকে পৌঁছে দেবে অন্য উচ্চতায়।
রোডস বলেন, “ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচ হওয়ার জন্য আমি আবেদন করেছি। এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে। আমার দুই সন্তানের জন্মও ভারতের মাটিতে। এবার সময় হয়েছে আমার কিছু ফিরিয়ে দেওয়ার।”
“৯ বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ হিসেবে আমি ভারতীয় ফিল্ডিংয়ের অনেক উন্নতির সাক্ষী। শেষ পাঁচ বছরে ভারতীয় দলের ফিল্ডিং যে উচ্চতায় পৌঁছেছে, তা সত্যিই প্রশংসাযোগ্য।”
