প্রথম বল থেকেই ‘সব ভালো’তে নজর তামিমের

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০৫:৫০ পিএম

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে এলেন তামিম ইকবাল, প্রথমবারের মতো। টেস্টে একবার দেশের হয়ে টস করলেও রঙিন পোশাকে অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় বাঁ-হাতি ওপেনার। সিরিজ শুরুর আগে যার কথা বার্তায় শুরুটা ভালো করার তাগিদ থাকল বেশি। ফিনিশিং লাইনের আগে স্টার্টিং লাইনে নজর তার।

শুক্রবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।

তার আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম দলের লক্ষ্যের কথা বললেন। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের জানান, ‘এই মুহূর্তে লক্ষ্য হলো প্রথম সেশনটি ভালো করে শুরু করা। আমি সব সময় বলি যে স্টার্টিং লাইনের আগে যদি ফিনিশিং লাইন দেখা শুরু করি তাহলে সেটি একটি সমস্যা।’

সিরিজ জেতাই লক্ষ্য। তবে তামিম এখনই সেদিকে নজর দিতে চান না। ছোট ছোট কাজগুলো সারতে চান আগে, ‘আমি নিশ্চিত যে আমাকে যদি জিজ্ঞেস করেন কিংবা ওদের অধিনায়ককেও জিজ্ঞেস করেন তাহলে সেও বলবে যে সিরিজটি জিততে চায়। আমিও চাই সিরিজ জিততে। আপনাকে সব ছোট ছোট বিষয় সঠিকভাবে পালন করতে হবে। আর এটি শুরু হবে ম্যাচের প্রথম বল থেকেই। সেটি আমরা বোলিং কিংবা ব্যাটিং যেটাই করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত