ফজলুর রহমান বাবু। সিনেমা, গান ও নাটকে সমান জনপ্রিয় তিনি। এখন সিনেমা ও নাটক দুই নিয়েই ব্যস্ততা। গত শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে তার সিনেমা ‘সিতারা’। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন এস হাসান
বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
‘ফুড়–ৎ’ নামে একটি সিনেমায় কাজের কথা চূড়ান্ত হয়েছে। ‘জ্যাম’ নামে আরেকটি সিনেমাতেও কাজ শুরু করেছি। নতুন আরেকটি সিনেমায় কাজ করার কথাবার্তা চলছে। চূড়ান্ত হলে জানাব। এছাড়া ঈদের জন্য নির্মিত কয়েকটি নাটকেও অভিনয় করেছি। আরও কয়েকটি নাটকে অভিনয় করব। নতুন একটি গানেও কণ্ঠ দিয়েছি। ঈদ উপলক্ষে এটি প্রকাশিত হবে।
ভারতের পাঁচ রাজ্যে আপনার অভিনীত ‘সিতারা’ সিনেমাটি মুক্তি পেয়েছে...
হ্যাঁ, গত ১৯ জুলাই ভারতের পশ্চিমবঙ্গ, তামিলনাড়–, অন্ধ্রপ্রদেশ, বেঙ্গালুরু ও কেরালা রাজ্যে একসঙ্গে ‘সিতারা’ মুক্তি পেয়েছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক আবুল বাশারের উপন্যাস ‘ভোরের প্রসূতি’ অবলম্বনে আশীষ রায় নির্মাণ করেছেন সিনেমাটি। এতে বাংলাদেশ থেকে আরও আছেন জাহিদ হাসান। আমি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেনের স্বামীর চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটির গল্পে দেখা যায়, কাপড়ের ব্যবসা করতে স্বামী জীবন শেখের সঙ্গে রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারত চলে যায় সিতারা। ওপারে গিয়েই স্ত্রীকে কবীরের কাছে বিক্রি করে দেন জীবন। কবীরের সঙ্গে চোরা ব্যবসায় যুক্ত ছিল জীবন। সিতারা যখন বুঝতে পারে সে চক্রান্তের শিকার, তখনই সে জাল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। এক পর্যায় সীমান্তে বসবাসকারী মানুষদের জন্য কাজ করতে আসা দিলুর প্রেমে জড়িয়ে পড়ে সিতারা। গল্প মোড় নেয় ভিন্ন দিকে। শুনেছি, সিনেমাটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশেও মুক্তি পাবে।
নাটকের বর্তমান অবস্থা কেমন বলে মনে করছেন?
ভালোই। তবে আরও ভালো করতে হবে। এর জন্য সবার চেষ্টা করতে হবে। নাটকে যে সমস্যাগুলো রয়েছেÑ তা সবার সচেতনতায় সমাধান করা সম্ভব। আমি আশাবাদী মানুষ। আমাদের নাটকের অবস্থা আরও ভালো অবস্থানে যাবে আমি বিশ্বাস করি।
এখন তো অভিনয়ের অনেক মাধ্যম রয়েছে। এগুলো প্রসঙ্গে আপনার পর্যবেক্ষণ কী?
অনেক মাধ্যম বলতে আসলে ওয়েবের বিষয়টিই তো আগে চলে আসে। এ মাধ্যমকে আমি পজেটিভ দেখি। সত্যিকার অর্থে অভিনয় যদি যতœ নিয়ে করা যায় তবে যতরকম মাধ্যমই হোক দর্শক দেখবেই। গল্প, সংলাপ, বাজেট ও পরিবেশ ঠিক থাকলে একটি নাটক ভালোভাবেই নির্মাণ সম্ভব এবং তা যেখানেই প্রকাশ করা হোক না কেন দর্শক দেখবে এটি আমার বিশ্বাস।’
