সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে রিয়াজুল মোর্শেদ তালুকদার নামে যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, ছেলেধরা গুজব ছড়ানোর অভিযোগে রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় আমাসীকে ব্যাপক জিজ্ঞসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রোববার মামলার শুনানির সময় আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
এর আগে বুধবার সন্ধ্যায় গাবখান সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়।
রিয়াজ শহরের কালিবাড়ি ধোপারচর এলাকার এ্যডভোকেট হাবিবুর রহমান তালুকদারের ছেলে এবং জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য।
পুলিশ জানায়, রিয়াজ তার ফেসবুক আইডিতে ছেলেধরার গুজব ছড়িয়ে শান্তিশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে।
এ ঘটনায় পুলিশ তাকে বুধবার সন্ধায় গাবখান সেতু এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেধরা বিষয়ে গুজব ছড়ানোয় রিয়াজের সম্পৃক্ততা পাওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২ ও ৩১/২ ধারায় বুধবার রাত সাড়ে ১২টায় রিয়াজের বিরুদ্ধে সদর থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
