কক্সবাজারের টেকনাফের হ্নীলা, খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া ও কয়রা সদর, লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর, কমলনগর উপজেলার চর লরেন্স ও রামগতির বড়খেরি, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর পাড়িয়া এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এগুলোর বেসরকারি ফলাফল পাওয়া গেছে। দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
উখিয়া (কক্সবাজার) : টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ মাহমুদ আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১১ হাজার ৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী জালালউদ্দিন চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৩৪৫ ভোট।
খুলনা : ডুমুরিয়া ও কয়রা উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র দুই প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গাজী আবুল হাসান আনারস প্রতীকে ৬ হাজার ২৫
ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী তুহিনুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৯৮ ভোট।
অন্যদিকে কয়রা সদর ইউনিয়নের উপনির্বাচনে হুমায়ুন কবির বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি কয়রা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। তিনি আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৪৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৮৬ ভোট।
লক্ষ্মীপুর : সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন, কমলনগর উপজেলার চর লরেন্স ও রামগতির বড়খেরি ইউনিয়ন পরিষদে উপনির্বাচনে বেসরকারিভাবে দুটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে উত্তর জয়পুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী স্বতন্ত্র প্রার্থীর কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন।
কমলনগরের চর লরেন্স ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ এইচ এম আহসান উল্লাহ হিরন নৌকা প্রতীক নিয়ে ২ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইসমাইল হোসেন পেয়েছেন ২ হাজার ৪৫৮ ভোট। রামগতির বড়খেরি ইউপিতে নৌকার হাসান মাকসুদ ২ হাজার ৮০০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিরাজ হোসেন স্বতন্ত্র প্রার্থী (আনারস) পেয়েছেন ২ হাজার ২২২ ভোট। লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউপিতে হেরেছেন আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান। তিনি পেয়েছেন ১ হাজার ৯২৯ ভোট। তবে স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন (আনারস) ৩ হাজার ৬৮৩ ভোট পেয়ে জয়লাভ করেন।
চুয়াডাঙ্গা : আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আবদুস ছালাম বিপ্লব বিজয়ী হয়েছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি ৫ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সারোয়ার চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৯২ ভোট।
ঠাকুরগাঁও : বালিয়াডাঙ্গীতে পাড়িয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমান। তিনি লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এর আগেও ওই ইউনিয়নে দুবার চেয়ারম্যান নির্বাচিত হন জিল্লুর। তিনি পেয়েছেন ৭ হাজার ১৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বী রুবেল নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৮৫১ ভোট পান।
