তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সাইদের মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০৩:০১ এএম

শারীরিক নানা জটিলতায় ভোগা তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি আর নেই। তার বয়স হয়েছিল ৯২ বছর। গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়। প্রেসিডেন্ট

কার্যালয়ের বিবৃতি উদ্ধৃত করে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, ‘তিউনিসিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বেজি এসেবসি ২৫ জুলাই ২০১৯ সকাল ১০টা ২৫ মিনিটে তিউনিসিয়ার সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন। তাকে ক্ষমা করে দেওয়া হোক।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘দাফন অনুষ্ঠানের বিস্তারিত ঘোষণা করা হবে। আমরা আল্লাহর কাছ থেকে এসে তার কাছেই ফিরে যাই।’ এর আগে গতকাল এসেবসির ছেলে জানান, বর্ষীয়ান এই রাজনীতিককে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

২০১১ সালে তিউনিসিয়ার গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এসেবসি। ‘মারাত্মক শারীরিক জটিলতার’ পর গত মাসের শেষের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ কাটান তিনি। ১ জুলাই হাসপাতাল ছাড়ার পর দুইবার জনসমক্ষে দেখা গিয়েছিল তিউনিসিয়ার প্রেসিডেন্টকে। তার অবর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিউনিসিয়ার পার্লামেন্টের স্পিকার মোহামেদ এন্নাসিউর। এক বক্তব্যে গণতান্ত্রিক যাত্রা শুরু করা দেশটিতে ঐক্যের আহ্বান জানিয়েছেন এন্নাসিউর। অন্যদিকে প্রধানমন্ত্রী ইউসেফ শাহেদ সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। আগামীকাল শনিবার এসেবসির জানাজা অনুষ্ঠিত হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত