খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি না দিলে বিএনপি আন্দোলন জোরদার করবে, এমন শপথ নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কারামুক্ত বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলকে নিয়ে শুক্রবার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা সিবেদনের পর সাংবাদিকদের এ মনটা জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, আজ এখানে শপথ নিয়েছি, দেশনেত্রীর মুক্তির জন্য সব রকমের আন্দোলন বেগবান করব এবং দেশনেত্রীকে মুক্ত করার জন্যে, আটক নেতাকর্মীদের মুক্ত করার জন্য, আমরা অবশ্যই আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব ইনশাল্লাহ।
বিএনপি মহাসচিব বলেন সরকারকে উদ্দেশ্য করে বলেন, এখনো সময় আছে, আপনারা রাজবন্দিদের মুক্তি দিন, দেশনেত্রীকে মুক্তি দিন, মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করুন।
দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা নিয়ে গত দেড় বছর ধরে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেখে তার চিকিৎসা চলছে।
মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলায় বেআইনিভাবে তাকে ১৮ মাস যাবত আটক করে রাখা হয়েছে। এখন তিনি অত্যন্ত অসুস্থ। এই অসুস্থ অবস্থায় তিনি সঠিক চিকিৎসা পর্যন্ত পাচ্ছেন না।
আগের মতই বর্তমান সংসদকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব নতুন নির্বাচনের দাবি জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ মহানগরের নেতা-কর্মীরা এ সময় ফখরুলের সঙ্গে ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল ১১ জুলাই জামিনে মুক্তি পান। তারি বিরুদ্ধে বিভিন্ন থানায় ২১২টি মামলা রয়েছে বলে জানা গেছে।
