বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম কয়েকটি দেশ হিসেবে হেপাটাইটিস বি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ, ভুটান, নেপাল ও থাইল্যান্ড। গতকাল সংস্থাটির নয়াদিল্লি কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশেষজ্ঞরা বাংলাদেশ, ভুটান, নেপাল ও থাইল্যান্ডের টিকাদান কর্মসূচি পর্যালোচনা করে দেখতে পান, এসব দেশে টিকা দেওয়ার হার শতকরা ৯০ ভাগ। আর দেশগুলোতে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে ‘হেপাটাইটিস বি’ সংক্রমণের হার শতকরা ১ ভাগের চেয়েও কম।
সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. পুনম ক্ষেত্রপাল জানান, শিশুদের হেপাটাইটিস বি টিকা দেওয়ার মাধ্যমে এসব দেশ এ সাফল্য অর্জন করেছে। এর মাধ্যমে এই দেশগুলোর সরকার স্বাস্থ্যসেবার জন্য বদ্ধপরিকর বলে প্রমাণিত হয়।
২০২০ সালের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশ হেপাটাইটিস বি মুক্ত করার লক্ষ্য নিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করছে।
