সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে রিয়াজুল মোর্শেদ তালুকদার নামে এক যুবলীগকর্মীকে আটক করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় গাবখান সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। রিয়াজ শহরের কালীবাড়ি ধোপারচর এলাকার অ্যাডভোকেট হাবিবুর রহমান তালুকদারের ছেলে এবং জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
পুলিশ জানায়, রিয়াজ তার ফেইসবুক আইডিতে ছেলেধরার গুজব ছড়িয়ে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করেন। এই গুজব ছড়ানোয় রিয়াজের সম্পৃক্ততা পাওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে গত বুধবার রাতে মামলা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ছেলেধরা গুজব ছড়ানোর অভিযোগে রিয়াজকে আটক করা হয়েছে। গতকাল বৃৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
