ভারত খেয়ালখুশি মতো পানি দেওয়ায় এ দুর্ভোগ: ফখরুল

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০১:৫০ পিএম

ভারত খেয়ালখুশি মতো পানি ছাড়ে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উজান থেকে পানি নেমে এসে বন্যায় প্লাবিত হয় ভাটিতে থাকা বাংলাদেশ।

শনিবার দুপুরে লালমনিরহাটের পারুলিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “উজান (ভারত) থেকে পানি নেমে এসে বন্যায় প্লাবিত হয় নিম্নাঞ্চল (বাংলাদেশ)। আবার উজানে যখন বাঁধ বন্ধ করে দেওয়া হয়, তখন খরায় ভুগতে  হয় বাংলাদেশকে।”

তিনি বলেন, “তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। তাদের খেয়ালখুশি মতো পানি বন্ধ করে দেয় তারা। ফলে দুর্ভোগে পড়তে হয় আমাদের।”

এসময় খালেদা জিয়ার মুক্তির বিষয়ে মির্জা ফখরুল বলেন, “এ গণবিরোধী সরকার গায়ের জোরে ক্ষমতাকে ব্যবহার করে খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রেখেছে। তাই তাদের পদত্যাগের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।”

এর আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়ায় আট শতাধিক এবং পরে আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামের সাত শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপি মহাসচিব।

এসময় তার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত