অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের প্রথমটির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য জোফরা আর্চার।
সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে দারুণ বোলিং করেছেন আর্চার। ২০ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ২৪ বছর বয়সী এই পেসার। শুক্রবার সাসেক্সের হয়েও ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বিশ্বকাপ ও কাউন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্সই অ্যাশেজে তাকে জায়গা করে দিয়েছে।
২০১৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় আর্চারের। ২৮ ম্যাচের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ১৩১ উইকেট নিয়েছেন। গড় ২৩.৪৪। আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডসে খেলা একমাত্র টেস্টে বেন স্টোকস ও জস বাটলারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে অ্যাশেজে শুরু থেকেই থাকছেন দু’জন।
ইনজুরির কারণে টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন খেলতে পারেননি আয়ারল্যান্ডের বিপক্ষে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার খেলার সম্ভাবনা রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষের টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯২ রানের ইনিংস খেলা জ্যাক লিচ অবশ্য সুযোগ পাননি প্রথম টেস্টের দলে।
এজবাস্টনে আগামী বৃহস্পতিবার শুরু হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার মর্যাদার টেস্ট লড়াই। এবারের অ্যাশেজ দিয়ে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়ন্সশিপও।
ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড : জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ড ব্রড, ররি বার্নস, জস বাটলার (উইকেটরক্ষক), স্যাম কুরান, জো ডেনলি, জ্যাসন রয়, বেন স্টোকস, ওলি স্টোন ও ক্রিস ওকস
