টাইগারদের পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০৭:১৩ পিএম

বোলিং কোচ নিশ্চিতের খবর আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার বোর্ড সভা শেষে জানা গেল তাদের নাম। নতুন পেস বোলিং হলেন চার্ল ল্যাঙ্গেভেল্ট, দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার। আর নিউজিল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টরি হচ্ছেন স্পিন বোলিং কোচ।

দুই বছরের চুক্তিতে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ল্যাঙ্গেভেল্টকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়। ৪৪ বছর বয়সী ল্যাঙ্গেভেল্ট প্রোটিয়াদের হয়ে সাতটি টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলেছেন। টেস্টে উইকেট নিয়েছেন ১৬টি; ওয়ানডেতে উইকেট নিয়েছেন ১০০টি। এর আগে তিনি সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের কোচের দায়িত্ব পালন করেছেন।

ঠিক করা হয়েছে স্পিন বোলিং কোচও। স্পিন বোলিং কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে ভেট্টরিকে। সুনিল যোশির স্থলাভিষিক্ত হবেন তিনি।

খেলোয়াড় হিসেবে খুবই অভিজ্ঞতাসম্পন্ন ভেট্টরি নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে বাঁহাতি এই স্পিনারের মোট উইকেট ৭০৫টি!

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে কোচ হিসেবেও এরই মধ্যে বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন ৪০ বছর বয়সী ভেট্টরি। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল স্পিন বোলিং কোচ সুনীল যোশি ও পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। তাদের সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নেয় বোর্ড। বিশ্বকাপের পর পরই বাংলাদেশের সঙ্গে শেষ হয়ে যায় তাদের অধ্যায়।

দুই কোচকেই নিয়োগ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ায় আগামী বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। ল্যাঙ্গাভেল্ট দায়িত্ব পেয়েছেন স্থায়ীভাবে। ভোটোরি কাজ করবেন মোট ১০০ দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত