ঢাবিতে ডেঙ্গু আক্রান্ত শতাধিক

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১০:২১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শতাধিক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। 

শনিবার বিশ্ববিদ্যালয়ের ২৩ হাজারের অধিক শিক্ষার্থীর একটি ফেসবুক গ্রুপ ‘স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়’ এ ডেঙ্গু আক্রান্তদের বিষয়ে জানতে চাওয়া হয়।

সেখানে জানানো হয়, ফজলুল হক মুসলিম হলে ১১ জন, মাস্টারদা সূর্যসেন হলে ১২ন, কবি জসীমউদদিন হলে চার, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ১৪, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১৩, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে নয়, সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের বারান্দায় থাকা পাঁচ, অমর একুশে হলে এক, জগন্নাথ হলে পাঁচ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে আট, হাজী মুহাম্মদ মুহসীন হলে পাঁচ, স্যার এএফ রহমান হলে এক এবং বিজয় ৭১ হলের ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত।

অন্যদিকে ছাত্রীদের ফজিলাতুন্নেছা মুজিব হলে এক, শামসুন নাহার হলে দুই এবং সুফিয়া কামাল হলে নয়জন ডেঙ্গু রোগে আক্রান্ত হন। 

শুক্রবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীনের। ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ সেশনের ২০তম ব্যাচের মাস্টার্সের এ ছাত্রের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। থাকতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে।

এর পাঁচদিন আগে মারা যান বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বিভাগের সায়েম হাসান টিটু নামের এক কর্মচারী। কার্জন হল সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকতেন তিনি।

ডেঙ্গুর প্রকোপ বাড়ায় নানা উদ্যোগ নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বিকালে একযোগে পুরো বিশ্ববিদ্যালয়ে মশার ওষুধ দেয়া হয়েছে। হল সংসদগুলো ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানান, সেখানে দৈনিক শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা তাদের রক্ত পরীক্ষা করাচ্ছেন। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় অনেকেই বাইরের মেডিকেলে গিয়ে পরীক্ষা করাচ্ছেন।

এ অবস্থায় রোববার থেকে ডেঙ্গুর পরীক্ষা-নিরীক্ষা সহজ করতে নতুন মেশিন স্থাপনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আখতারুজ্জামান বলেন, ডেঙ্গু রোগের জন্য যাতে শিক্ষার্থীরা ভালভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারে সেজন্য আমাদের মেডিকেল সেন্টারে একটা নতুন মেশিন কেনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত