বিএসএমএমইউ পরিচালক

দাঁতের চিকিৎসা হয়েছে খালেদা ভালো আছেন

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১২:৩৬ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দাঁতের চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে দন্ত বিভাগে খালেদা জিয়ার এই চিকিৎসা শেষে এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বর্তমানে ভালো আছেন।

আগের চেয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।’

এর এক দিন আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেছিলেন, তার দাঁত শার্প (চোখা) হয়ে গেছে। সেটা যখন তার জিভে আঘাত করে তখনই তিনি কষ্ট পান। যার ফলে তিনি এখন কিছু খেতেও পারছেন না। তার দাঁতের চিকিৎসাটা বড় চিকিৎসা। তার রুট ক্যানেল করা দরকার, স্কেলিং করা দরকার, টুথ এস্ট্রাকশন করা দরকার। দুই-একটা দাঁত তার নষ্ট হয়ে গেছে বয়সের কারণে, সেগুলো তুলে ফেলা দরকার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল দুপুর দেড়টার দিকে কড়া পাহারায় খালেদা জিয়াকে কেবিন ব্লক থেকে বের করে  ডেন্টাল ইউনিটে নিয়ে যাওয়া হয়। এ সময় রোগী ছাড়া অন্যদের প্রবেশ বন্ধ করে দেয় পুলিশ। হুইল চেয়ারে বসা খালেদা জিয়ার পরনে ছিল গোলাপি রঙের শাড়ি, চোখে ছিল চশমা। চিকিৎসা শেষে দুপুর সোয়া ২টায় তাকে আবার কেবিন ব্লকে নেওয়া হয়।

বিএসএমএমইউ পরিচালক বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের ওপরের মাড়ির দুটি দাঁতে ইরিটেশন হচ্ছিল, সেজন্য উনি আনইজি ফিল করছিলেন। এতে তার জিভে ছোট ঘা হয়েছে। সেটাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আজকে তাকে ডেন্টাল বিভাগে নেওয়া হয়। সেখানে আধাঘণ্টা চিকিৎসা দিয়ে দাঁতের সমস্যাটা দূর করে দেওয়া হয়।’

বিএনপি চেয়ারপারসনের সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং। আমি আগেও বলেছি যেÑ ডায়াবেটিস, আর্থ্রাইটিস এসব ক্রনিক ডিজিজ; শতভাগ ভালো করা ডিফিকাল্ট।’ বিএসএমএমইউ পরিচালক বলেন, ‘আমি বলব উনি ভালো আছেন। আপনারা দেখেছেন উনাকে। উনাকে দেখে মনে হয়েছে কি উনি খুব বেশি অসুস্থ? উনি ভালো আছেন। আগে  যেভাবে এসেছিলেন, তার চেয়ে বেটার, ডেফিনেটলি বেটার আছেন।’

সংবাদ সম্মেলনে বিএসএমএমইউর ওরাল ও ম্যাক্সিফেসিয়াল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক কাজী বিল্লুর রহমান ও বিভাগের অধ্যাপক শামসুল আলম উপস্থিত ছিলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দ- নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেড় বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। চিকিৎসার জন্য গত ১ এপ্রিল তাকে বিএসএমএমইউ হাসপাতালে আনা হয়।

গতকাল বিএসএমএমইউর সংবাদ সম্মেলনের পর বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএসএমএমইউ শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার নানাবিধ সমস্যা। আমরা সরকারের কাছে অনুরোধ রাখছি, তার সর্বোচ্চ সুচিকিৎসা যেন দেওয়া হয়।’ এ সময় ড্যাব নেতাদের মধ্যে ছিলেন অধ্যাপক সাইফুল ইসলাম সেলিম, আ ন ম মনোয়ারুল কাদির বিটু, এহতেশামুল হক তুহিন, সাইফুদ্দিন নেসার আহম্মেদ তুষার প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত