কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এদিন বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় এক ব্যবসায়ী নিহতের খবর পাওয়া গেছে।
পাকুন্দিয়ার দুর্ঘটনায় নিহতরা হলেনÑ উপজেলার নগরহাজরাদী গ্রামের সিরাজ মিয়ার ছেলে অটোরিকশাচালক শরীফ (৩৫) এবং চামরাইদ গ্রামের হাদিউল ইসলামের ছেলে জুতা ব্যবসায়ী খোকন মিয়া (২৮), মেরাতলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে অহিদ মিয়া (৩৮)
ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের মৃত ইসহাক মিয়ার স্ত্রী রাজিয়া খাতুন (৭৫)।
পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান জানান, ট্রাকটি সিলেট থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি মঠখোলা বটতলা থেকে যাত্রী নিয়ে কটিয়াদী যাচ্ছিল। সাড়ে ৮টার দিকে মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শরীফ ও খোকন মারা যান। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজিয়া এবং ঢাকা নেওয়ার পথে মারা যান অহিদ। চালক বাচ্চু মিয়াকে আটক করা হয়েছে।
এদিকে টুঙ্গিপাড়া থানার ওসি একেএম এনামুল হক জানান, বিকেলে উপজেলার মল্লিকের মাঠ এলাকায় বাসের ধাক্কায় নিহত হন সৈয়দ আনোয়ার হোসেন পলাশ (৪০) নামে এক ব্যবসায়ী। পলাশ বাংলা টিভি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সৈয়দ আকবর হোসেনের ছোট ভাই। তিনি জেলা শহরে ডায়াগনস্টিক ও ক্লিনিক ব্যবসা করতেন। ওসি বলেন, ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী দোলা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
