কুখ্যাত মাদকসম্রাজ্ঞী লোপেজ!

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১২:২৫ এএম

বলা হয়, সকাল বলে দেয় দিন কেমন যাবে। ব্ল্যাঙ্কোর সকাল অর্থাৎ ছোটবেলা ছিল সবার থেকে আলাদা। তিনি জানতেন না তার বাবা কে। সেখান থেকেই ভয়ংকর অপরাধের বীজ বোনা হয়েছে তার শরীরে, মনে ও মস্তিষ্কে। ১২ বছরের আগেই তিনি অপহরণ কর্মের সঙ্গে জড়িয়ে পড়েন। তাকে যে ছেলে পছন্দ করত, তাকেই অপহরণ করে অর্থ দাবি করেন, একদম পেশাদার ছেলেধরার মতোই। পকেট কাটতেও দক্ষ ছিলেন। মায়ের প্রেমিক তাকে যৌন নিপীড়ন করতেন। তাই ১৬ বছরের আগেই এক দিন তিনি ঘর ছেড়ে পালান আর ২০ বছরের আগেই গড়েন নিজের সাম্রাজ্য। ব্ল্যাঙ্কোকে বলা হতো কোকেনের গডমাদার। দীর্ঘ চার দশকের বেশি সময় তিনি কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি, নিউ ইয়র্ক আর ক্যালিফোর্নিয়ার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। সত্তর ও আশির দশকে যুক্তরাষ্ট্রে মাদক-বাণিজ্যে বিপ্লব ঘটান তিনি। কারাগারে আটকে রেখেও তার মাদক ব্যবসা বন্ধ করা যায়নি। সেখানেও তিনি নিরাপদে ব্যবসা পরিচালনা করেছেন। নিজের তিন স্বামীকে তিনি খুন করেছেন। আরও অন্তত ২০০ জনকে হত্যা করা হয়েছে তার নির্দেশে। আনুমানিক ২০০ কোটি ডলার সম্পদের মালিক ছিলেন তিনি। ২০১২ সালের ৩ সেপ্টেম্বর কলাম্বিয়ার কার্দিসোতে ২৯ নম্বর রাস্তায় একটা কসাইখানা থেকে তিনি ১৫০ ডলারের মাংস কেনেন। তখন দোকানের ওপাশ থেকে মুখঢাকা এক আততায়ী তার মাথা লক্ষ্য করে দুটো গুলি ছোড়ে। সেখানেই মৃত্যু হয় কোকেন গডমাদারের। আর হত্যাকারী শান্তভাবে মোটরবাইকে চড়ে যেন হাওয়ায় মিলিয়ে যায়! বিশ্বের সবচেয়ে বড় ড্রাগলর্ডের একজন গ্লিসেন্ডা ব্ল্যাঙ্কো আবারও ফিরবেন! তার জীবনী নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। এ সিনেমায় নামভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ও সংগীততারকা জেনিফার লোপেজকে। তাকে নিয়ে সব সময় ভক্তদের থাকে ভিন্নরকম উন্মাদনা। এবার নতুনরূপে পর্দায় দেখা যাবে তাকে। সিনেমার নাম রাখা হয়েছে ‘দ্য গডমাদার’। সিনেমাটি প্রযোজনাও করবেন তিনি।

এমন চরিত্রে অভিনয় প্রসঙ্গে লোপেজ বলেন, ‘গ্লিসেন্ডো ব্ল্যাঙ্কোর জীবনের গল্প আমাকে অনেক কৌতূহলী করত। এমন রহস্যময়, অন্ধকারাচ্ছন্ন জীবনকে বড় পর্দায় তুলে ধরার জন্য আমি মুখিয়ে আছি। এ ধরনের চরিত্রে অভিনয় করা যেকোনো অভিনয়শিল্পীর জীবনে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আশা করছি, দারুণ কিছু হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত