চাঁদপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০২:৩৭ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের চরমগুয়া গ্রামে জাহেদা আক্তার মিশু (২০) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে চরমগুয়া গ্রামের ফরমান আলী মিজি বাড়িতে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় জড়িত সন্দেহে শোয়েব (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত মিশু ওই বাড়ির মৃত সেলিম মিজির মেয়ে। প্রায় এক বছর আগে পাশের সন্তোষপুর গ্রামের কাতার প্রবাসী সোহেলের সাথে মিশুর বিয়ে হয়। মিশু বাবার বাড়িতে থাকতেন।

মা সালেহা বেগম সাংবাদিকদের জানান, সোমবার ভোরে তিনি তার দুই সন্তানকে মক্তবে পড়ার জন্য নিয়ে যান। ওই সময় মিশু ঘরে একা ছিলেন। ঠিক ওই মুহূর্তে একই গ্রামের বাসার খানের ছেলে সুজন খান (২১)সহ সংঘবদ্ধ কয়েকজন অতর্কিতভাবে চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মিশুকে রক্তাক্ত জখম করে। তার চিৎকার শুনে মা সালেহা বেগম এগিয়ে এসে হামলাকারীদের ধরার চেষ্টা করেন। কিন্তু তারা দৌড়ে পালিয়ে যায়।

মৃত্যুর আগে গুরুতর আহত অবস্থায় মিশু তার উপর হামলাকারী সুজন খানসহ কয়েকজন জড়িত বলে স্বজনদের জানিয়েছে বলে জানান তার মা।

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক আনিসুর রহমান জানান, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মিশু নামের এক নারীর মৃত্যু হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে দ্রুত তাকে ঢাকায় রেফার করা হয়। সেখানে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

রূপসা ইউনিয়নের চরমগুয়া গ্রামের ইউপি সদস্য ভুট্টো মিয়া বলেন, খবর পেয়ে সকালে আমরা ওই বাড়িতে যাই। পুলিশ এসে সকল তথ্য নিয়েছে। ঘটনার পর থেকেই হামলাকারী যুবকরা এলাকা ছেড়ে পালিয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রাকিব জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে শোয়েব খান নামের এক যুবককে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করেছে পুলিশ। তার বাড়ি চরমগুরা এলাকায়।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে, পরকীয়া সংক্রান্ত ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত