সঞ্জয় দত্তের বয়স হলো ৬০। এই উপলক্ষে সোমবার তাকে পাওয়া গেল ভয়ংকর লুকে। মাথায় পাগড়ি, মুখ কালো কাপড়ে ঢাকা। চট করে দেখলে যে কেউ চমকে যাবেন।
আসলে বলিউড তারকা জন্মদিনে সামনে এসেছে কন্নড় সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার টু’র ফার্স্ট লুক। ওই ছবির প্রধান খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন তিনি।
ছবিতে সঞ্জয়ের নাম অধীরা। ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’-এ তার নাম শোনা গেলেও দেখা যায়নি মুখ। চিত্রনাট্যকার-পরিচালক প্রশান্ত নীল চরিত্রটিকে আড়ালে রেখেছিলেন। কিন্তু অধীরা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ চরিত্র, সেটি বোঝা গিয়েছিল।
কোলারের সোনার খনির দখল নিতে চায় অধীরা কিন্তু সে তার বড় ভাই সূর্য বর্ধনের প্রতি অনুগত। তাই ভাইয়ের শেষ ইচ্ছা হিসেবে ভাইপো গারুদার হাতে ছেড়ে দেয় ক্ষমতা।
প্রথম কিস্তিতে দর্শক দেখেছিল গারুদাকে মেরে অধীরাকে তার প্রতিশ্রুতি থেকে মুক্তি দেয় রকি। কিন্তু ‘কেজিএফ টু’-এ দেখা যাবে রকির সঙ্গে অধীরার ক্ষমতার দ্বন্দ্ব। অর্থাৎ পর্দায় জমে উঠবে যশ বনাম সঞ্জয় দত্তের কেমিস্ট্রি।
এই ছবি দিয়েই দক্ষিণী ছবির জগতে পা রাখতে করতে চলেছেন বলিউডের অন্যতম তারকা।
২০১৮ সালে মুক্তি পাওয়া প্রথম কিস্তি শাহরুখের ‘জিরো’র সঙ্গে প্রতিযোগিতায় নেমে বক্স অফিসে ২৫০ কোটি রুপি ব্যবসা করে। তখন থেকেই পরের পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সিনেমাপ্রেমীরা।
বলা হচ্ছে, সঞ্জয় দত্তকে কাস্টিং করার পর ‘কেজিএফ’-এর দ্বিতীয় ছবির সম্ভাব্য ব্যবসার পরিমাণ আগের তুলনায় অনেক বেশি হবে।
কয়েক মাস আগে শুরু হয়েছে ‘কেজিএফ টু’র দৃশ্যায়ন। ছবিতে আরও থাকছেন বলিউড তারকা রাভিনা ট্যান্ডন।
