উত্তর প্রদেশের বারাবাঁকির বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তব অদ্ভুত এক মন্তব্য করে আলোচনায় এসেছেন। রঞ্জিতের দাবি, গরু সনাতন বা হিন্দু ধর্মাবলম্বী!
বিজেপি নেতার এমন মন্তব্য নিয়ে খোদ ভারতীয় পত্রপত্রিকায় হাসাহাসি চলছে। একটি পত্রিকা এভাবে লিখেছে, ‘বিজেপি নেতার দাবিতে উঠেছে হাসির রোল। বিরোধীরা করছেন কটাক্ষ।’
পত্রিকাটিতে বলা হয়েছে, হিন্দুরা সাধারণত গরুকে দেবতা হিসেবে মানেন। উত্তর প্রদেশের ক্ষেত্রে সে ছবি আরও প্রকট। গোরক্ষার তাগিদে বহু পন্থা অবলম্বন করেন ওই রাজ্যের বাসিন্দারা।
রঞ্জিত শ্রীবাস্তব ঠিক কী বলেছেন?
‘সাধারণত গরু মারা যাওয়ার পর মাটিতে তার দেহ পুঁতে দেওয়া হয়। মুসলমানদের কবর দেওয়ার সঙ্গে এই রীতির মিল রয়েছে। কিন্তু গরু হিন্দু ধর্মাবলম্বী। তাই তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য দেহ পুড়িয়ে দেওয়াই বাঞ্ছনীয়,’ মন্তব্য করে ওই নেতা বলেন, ‘আমি আমাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথকে বলব, অবিলম্বে সরকারিভাবে এমন নির্দেশিকা জারি করুন। শুধু তাই নয়, গরুদের দাহ করার জন্য পৃথক শ্মশান তৈরি হোক। তাতে অবশ্যই থাকতে হবে বৈদ্যুতিক চুল্লিও।’
