কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ আলমগীর হোসেন (৪০) গতকাল সোমবার মারা গেছেন। ইউনিয়নের মান্দাঈল বাজার এলাকায় গত বৃহস্পতিবারের ওই ঘটনায় গুরুতর দগ্ধ স্ত্রী বীণা আক্তার (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের বড় ভাই স্বাধীন হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে আলমগীরের স্ত্রী রান্না করছিলেন। পাশে বসে সিগারেট খাচ্ছিলেন আলমগীর।
এ সময় গ্যাস সিলিন্ডার থেকে স্ত্রীর শরীরে আগুন ধরে গেলে আলমগীর তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন। তাদের প্রথমে মিটফোর্ড হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
