সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। আপনার মানসিক চাপ ও অস্থিরতা কমবে । কাজে উদ্যমতা ফিরে পাবেন। সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে করণীয়।
সম্মান : সহকর্মীদের সব সময় সম্মান করুন। হোক তিনি আপনার চেয়ে অযোগ্য কিংবা ভিন্ন মানসিকতার। তাকে সম্মান করে চললে আপনিও সম্মান পাবেন। আপনার মতামত, আইডিয়া ও কাজকে গুরুত্ব দেবে পাশাপাশি তাদের সমর্থন ও সহযোগিতাও পাবেন।
মানিয়ে চলুন : যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন। সহকর্মীর সঙ্গে মানিয়ে চলুন নতুবা আপনি কখনোই কারও সঙ্গে কাজ করতে পারবেন না। একেকজন মানুষের চিন্তাভাবনা একেক রকম। সবাই আপনার মতো ভাববে এমনটা নয় সুসম্পর্ক বজায় রাখতে সহকর্মীর সঙ্গে মানিয়ে চলুন।
পরনিন্দা করবেন না : কর্মস্থলে পরনিন্দা চর্চা থেকে দূরে থাকুন। একে অপরের নামে পরনিন্দার ফলে খারাপ সম্পর্ক তৈরি হয়। কর্মক্ষেত্রের পরিবেশ নষ্ট হয়। পরনিন্দা আপনার নিচু মানসিকতার পরিচায়ক। তাই পরনিন্দা করা থেকে বিরত থাকুন।
হাস্যোজ্জ্বল সম্পর্ক : সহকর্মীর সঙ্গে সর্বদা হাসিমুখে কথা বলুন। এতে সহকর্মীর মনে আপনার প্রতি আলাদা সম্মান জন্মাবে। আপনার হাস্যোজ্জ্বল আলাপ কর্মক্ষেত্রকে প্রাণবন্ত করে তুলবে।
ভুলধরা থেকে বিরত থাকুন : অনেকেই আছেন কারণে অকারণে ভুল ধরেন। এটা অনেক সময় অভ্যাসে পরিণত হয়। এমন অভ্যাস ভালো কিছু নয়। এতে আপনার প্রতি সহকর্মীরা বিরক্তবোধ করবেন। ভুল সবারই হতে পারে তার জন্য ঠাট্টার ছলে কখনো সহকর্মীর সঙ্গে মজা করবেন না। তাকে বুঝিয়ে বলুন সময় পেলে সহযোগিতা করুন।
প্রশংসা করুন : সহকর্মীর কাজের উদ্যমতা ফিরিয়ে আনতে পারে আপনার ছোট্ট প্রশংসা। প্রশংসা শুনতে কে না ভালোবাসে বলুন। সহকর্মীর প্রশংসা করুন এতে সে কাজে আগ্রহবোধ করবে। আপনার সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। সহকর্মীর সঙ্গে সুসম্পর্কই পারে আপনার মানসিক চাপ দূর করতে কেননা এতে কাজে আপনি আপনার সর্বোচ্চ কর্মক্ষমতা প্রমাণ করতে পারেন সেই সঙ্গে সহকর্মীর সমর্থন ও সহযোগিতাপূর্ণ আচরণ আপনার কাজের আগ্রহ বাড়িয়ে দেবে।
