নৌপথে টহল বাড়ানোর সিদ্ধান্ত

পশুর হাটের ইজারাদারদের সঙ্গে পুলিশের বৈঠক

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৪:০২ এএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের ইজারাদারদের সঙ্গে বৈঠক করেছে নৌপুলিশ। বৈঠকে নদীপথে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া যাতে পশুগুলো হাটে যেতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়।

নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফরিদা পারভীন দেশ রূপান্তরকে বলেন, গত ২৮ জুলাই নৌপুলিশের কার্যালয়ে ইজারাদারদের সঙ্গে বৈঠক হয়। এতে নৌপুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, ইজারাদার হাজী শফি মাহমুদ (লালবাগ হাট), আবুল হোসেন সরকার (কামরাঙ্গীরচর হাট), মঈন উদ্দিন চিশতী (পোস্তগোলা শ্মশানঘাট হাট), আমিনুর রহমান (শ্যামপুর বালুরমাঠ হাট), শাহ আলম হোসেন জীবন (বসিলা হাট) উপস্থিত ছিলেন।

বৈঠকে ইজারাদাররা জানান, অনেক সময় নৌপথে গরু বোঝাই ট্রলারগুলো নির্দিষ্ট হাটের ব্যানার নিয়ে আসার পথে বিভিন্ন হাটের লোকজন ট্রলারের ব্যানার ছিঁড়ে ফেলে। জোর করে গরু অন্য হাটে নিতে বাধ্য করে। গরু ছিনতাইসহ নগদ টাকা লুট হয়ে যায়। তারা নৌপথে গরু বোঝাই ট্রলারগুলো চলাচলের সময় নিরাপত্তা দিতে অনুরোধ করেন।

ফরিদা পারভীন বলেন, ‘পরে ডিআইজি ইজারাদারদের আশ্বস্ত করে বলেছেন, নৌপথে টহল বাড়ানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত