গাজীপুর নগরীর সালনার জাঞ্জালিয়া এলাকায় মাদক ব্যবসার বিরোধে আল আমিন (২২) নামে এক পোশাক শ্রমিক খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ওই এলাকার একটি কাঁঠালবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। আল আমিন নোয়াখালীর বেগমগঞ্জের লাউতুলি গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।
এ ছাড়া গতকাল দুপুরে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির, গোপালগঞ্জের কোটালীপাড়ার সীতাইকুণ্ড খাল থেকে বৃদ্ধ ও যুবকের, সাতক্ষীরায় পাটক্ষেত থেকে পরিবহন শ্রমিকের, জামালপুর জিলা স্কুল ছাত্রাবাসের পুকুর থেকে অজ্ঞাত যুবকের এবং আগের রাতে জয়পুরহাটে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরÑ
গাজীপুর : আল আমিনের ছোটবোন তানিয়া জানায়, তার ভাই নগরীর তেলিপাড়া এলাকায় রওশনারা বেগমের বাড়িতে বন্ধুদের সঙ্গে ভাড়া থেকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় আমান টেক্সটাইলে কাজ করতেন। গত সোমবার রাতে বন্ধুদের সঙ্গে বের হয়ে তিনি নিখোঁজ হন। সম্ভাব্য সব স্থানে তাকে খুঁজে না পেয়ে তারা পুলিশকে জানান। সদর থানার এসআই আতিকুর রহমান বলেন, ‘বন্ধুদের সঙ্গে মাদক নিয়ে বিরোধের জেরে আল আমিন খুন হয়। সোমবার রাতে বন্ধুরা তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে জাঞ্জালিয়া এলাকায় মারধর করে হত্যার পর তার লাশ ফেলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মাথায় জখম এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল জানিয়ে আতিকুর বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
কেরানীগঞ্জ (ঢাকা) : বুড়িগঙ্গা নদীর ব্রাহ্মণ কিত্তাঘাট বরাবর মাঝ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) গলিত লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। কেরানীগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার রাসেল মোল্লা জানান, ধারণা করা হচ্ছে লাশটি পাঁচ-ছয় দিন আগের। এ ব্যাপারে পুলিশ মামলা করেছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।
গোপালগঞ্জ : কোটালীপাড়া উপজেলার সীতাইকুণ্ড খাল থেকে সাহেব আলী (৮০) এবং হাফিজ তালুকদার (৪০) নামে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। তারা সীতাইকুণ্ড গ্রামের বাসিন্দা। কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, স্থানীয়রা সীতাইকুণ্ড ব্রিজের নিচের খালে সাহেবের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনি ভিক্ষাবৃত্তি করতেন। এ ছাড়া হাফিজ মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে মারা যান। তিনি মৃগী রোগী ছিলেন।
সাতক্ষীরা : সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ উপজেলার গোবিন্দকাটি গ্রামের একটি পাটক্ষেত থেকে আলমগীর হোসেন আলম (৩৫) নামে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করে। আলমগীর ওই গ্রামের ফকির সরদারের ছেলে এবং সাতক্ষীরার সংগ্রাম পরিবহনের সুপারভাইজর ছিলেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও গলায় ফাঁস দেওয়া ছিল। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
জামালপুর : সদর থানার ওসি সালেমুজ্জামান জানান, সকালে জিলা স্কুলের ছাত্রাবাসের পুকুরে অজ্ঞাত এক যুবকের লাশ ভাসতে দেখে প্রধান শিক্ষক শামছুন নাহার মাকছুদা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
জয়পুরহাট : জয়পুরহাটে রিতু পাল নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর তীরবর্তী দমদমা শ্মশানঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রিতু জয়পুরহাট শহরের সবুজ নগর এলাকার বিশ্বজিৎ পালের মেয়ে ও সদর থানা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। পারিবার জানায়, স্কুলে অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বেরিয়ে যায় রিতু। তারপর অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারও সঙ্গে অভিমান করে রিতু আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।’
